বর্ণাঢ্য আয়োজনে অ্যালামনাই-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা
খবর বিজ্ঞপ্তি।।
দিনব্যাপী নানা উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ অ্যালামনাই-এর উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকেই দিবসটি উদযাপনে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে ১০টায় নগরীর অভিজাত টাইগার গার্টেন হোটেল মিলনায়তনে ফেস্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেডিএ এভিনিউ হয়ে জিয়া হল চত্বর ঘুরে আবারো হোটেল মিলনায়তনে এসে শেষ হয়। এরপর পুনর্মিলনীর আনন্দকে ভাগাভাগি করতে কেক কাটেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। বেলা সাড়ে ১১টায় আয়োজক কমিটির আহ্বায়ক এম এ সালামের সভাপতিত্বে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও উদ্দীপনামূলক দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

আলোচনা সভায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মহানগর বিএনপির সভাপতি ও সিটি কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী এড. শফিকুল আলম মনা অতীতের স্মৃতি রোমন্থন করে বলেন, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মেধা ও নেতৃত্ব গড়ার বাতিঘর। এই কলেজের সাবেক শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মেলবন্ধনের মাধ্যমে এই অ্যালামনাই আগামী দিনে কলেজের সার্বিক উন্নয়ন এবং মেধার বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, উচ্চশিক্ষা ও নারী শিক্ষার প্রসারে সিটি কলেজের অবদান অনন্য। প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব প্রদানের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নে এই প্রতিষ্ঠানটি গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। দেশের প্রতি দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ ও জ্ঞানচর্চার সমন্বয়ের মাধ্যমে সিটি কলেজ অ্যালামনাই আগামী দিনেও জাতির সংকটের প্রতিটি মুহূর্তে এবং প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে।
স্মৃতিচারণ ও আলোচনা সভা শেষে পবিত্র জুমার নামাজের বিরতি দেওয়া হয়। এরপর বেলা দুইটায় সমবেত সকলের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়। বিকেলের অধিবেশনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে খুলনা ব্যান্ডসহ খুলনার শীর্ষস্থানীয় শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করে উপস্থিত সাবেক শিক্ষার্থীদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম, সাবেক ভিপি আসাদুজ্জামান মুরাদ, নাজমুল হুদা সাগর, শেখ মনিরুল হাসান, আব্দুল আজিজ, রবিউল ইসলাম রবি, রওশন জামান মিঠু, মফিজুর রহমান মুক্ত, মাসুদুর রহমান, মিজানুর রহমান মিলটন, হাবীবুর রহমান, মো. আব্দুর রহিম, তাছাদুজ্জামান, বনানী সুলতানা ঝুমু, ইরনা আক্তার, মুরাদ হোসেন, রাকিব ফরাজী, জামিল হোসেন, সোহাম, সাকিবসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ।










































