আজ ১৩ নভেম্বর। দৈনিক খুলনাঞ্চল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। ৫ বছর আগে এমনই কাকডাকা সকালে “মুক্ত প্রকাশ, মুক্ত বিকাশ” স্লোগান নিয়ে পাঠকের হাতে পৌছায় দৈনিক খুলনাঞ্চল পত্রিকার ১ম সংখ্যা। সেই সূচনা। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের সুমহান চেতনাকে সর্বস্তরে ছড়িয়ে দিয়ে একটি সমৃদ্ধ আধুনিক দেশ গড়ার স্বপ্ন নিয়েই পত্রিকাটি যাত্রা শুরু করে। তারপর অনেক চড়াই উতরাই পেরিয়ে প্রতিনিয়ত অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে করতে দৈনিক খুলনাঞ্চল আজ পাঠকের প্রিয় পত্রিকায় পরিণত হয়েছে। পাঠকের ভালোবাসাই আমাদের সাহস। পাঠকের সূচিন্তিত মতামতই প্রেরণা। বস্তুনিষ্ঠ সত্য সংবাদ পরিবেশনায় যে স্বপ্ন ৫ বছর আগে দেখেছিলাম তা আজ বাস্তবায়িত হচ্ছে। অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত হয়ে খুলনাঞ্চল এগিয়ে চলেছে। এ অগ্রযাত্রায় শক্তি ও সাহস যুগিয়েছেন পত্রিকার সাথে সাথে অনলাইন পাঠকেরাও। দেশ ও জনগণের স্বার্থে দৈনিক খুলনাঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতে রাখবে।
পাঁচ বছর আগের সেই ছুটে চলার মাঝে অনেক ঝড়, অনেক ষড়যন্ত্র হয়েছে আমাদের বিরুদ্ধে। তবুও কখনো আমরা পথচলায় থেমে যাইনি। সকল ষড়যন্ত্রকে টপকে আমার এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষে। মামলা-হামলা, কারাবরণ, মিথ্যা মামলায় রিমান্ড আরও কত কি। সবকিছু মেনে নিয়েছি একটাই সহস নিয়ে তাহলো “সত্যের জয় হবেই একদিন”। রক্ত চক্ষুকে কখনো ভয় পাইনি। সকল ভয়কে শক্তিতে পরিণত করে আমরা পাঁচ বছর আগে পাঠককে দেয়া কথা রাখার চেষ্টা করে যাচ্ছি। শুরু থেকে দৈনিক খুলনাঞ্চল চার রঙে প্রকাশিত হয়ে টানা ৪বছর একই ধারায় চলেছে কাগজটি। তারপর ছন্দ পতন হয়েছে কয়েক বার। তবুও থেমে নেই আমরা। পাঠকরাই আমাদের পথ চলার শক্তি; দৈনিক খুলনাঞ্চল-এর জন্মদিনে সকল পাঠক, বিজ্ঞাপনদাতাসহ সকলকে শুভেচ্ছা “পাশে থাকুন”।











































