স্টাফ রিপোর্টার।।
ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল (পিএমজি) কার্যালয়ে অবৈধভাবে কেটে রাখা সরকারি গাছ গোপনে পাচারের চূড়ান্ত প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখার পর, অবশেষে গাছগুলো সরিয়ে নিতে পিএমজি অফিসেরই একটি সরকারি গাড়িতে লোড করা হয়েছে। বর্তমানে গাড়িটি পিএমজি অফিসের গ্যারেজে তালাবদ্ধ অবস্থায় রাখা রয়েছে। আজ সোমবার (২৯ জুন) গভীর রাতে অথবা ভোরের আলো ফোটার আগেই গাছভর্তি গাড়িটি নিরাপদ স্থানে সরিয়ে ফেলার গোপন ছক কষেছে চক্রটি।
অনুসন্ধানে জানা গেছে, পিএমজি অফিসের ভেতরে অবৈধভাবে কাটা গাছগুলো দীর্ঘদিন ধরে চত্বরের এক কোণে লুকিয়ে রাখা হয়েছিল। বিষয়টি ধামাচাপা দিতেই মূলত এতোদিন অপেক্ষা করছিল গাছ চোর চক্র। অবশেষে পরিস্থিতি শান্ত মনে করে গাছগুলো পাচারের উদ্দেশ্যে ‘ঢাকা মেট্রো-অ-১৪-৩১৩২’ নম্বরের একটি সরকারি গাড়িতে (পিকআপ/ট্রাক) লোড করা হয়েছে। বর্তমানে গাড়িটির পেছনে শক্ত করে তালা মারা রয়েছে এবং এটি অফিসের প্রধান গ্যারেজে পার্ক করা আছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাতের আঁধারে এই সরকারি সম্পদ পাচার করার সব প্রক্রিয়া সম্পন্ন।

গাছভর্তি ওই সরকারি গাড়ির চালক হিসেবে আছেন ইনামুল নামের এক চালক। বর্তমানে তিনি পিএমজি অফিসের অভ্যন্তরে অবস্থিত কোয়ার্টার বা ডরমিটরিতে অবস্থান করছেন। গভীর রাতে বা ভোররাতে সংকেত পাওয়া মাত্রই তিনি গাড়িটি নিয়ে চত্বর ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
সরকারি সম্পদ এভাবে রাতের আঁধারে লোপাট হয়ে যাওয়া রুখতে প্রশাসনের শীর্ষ মহলের জরুরি ও দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সচেতন কর্মকর্তা ও কর্মচারীরা।










































