Home Lead বটিয়াঘাটায় অধিকাংশ সরকারি দপ্তরে উড়েনা জাতীয় পতাকা

বটিয়াঘাটায় অধিকাংশ সরকারি দপ্তরে উড়েনা জাতীয় পতাকা

10


স্টাফ রিপোর্টার।।


রোববার পেরিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ছিলো সোমবার। অথচ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অলসতা আর উদাসীনতায় যেন এখনো কাটেনি ছুটির আমেজ। বটিয়াঘাটা উপজেলা চত্বরের অধিকাংশ সরকারি দপ্তরেই সোমবার টানানো হয়নি স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক ‘জাতীয় পতাকা’। অবশ্য অনেকেই বলেছেন এচিত্র প্রতিদিনের। সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এভাবে পতাকা না টানানোয় সাধারণ মানুষ ও স্থানীয় সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


সোমবার (২৯ জুন) সরেজমিনে বটিয়াঘাটা উপজেলা চত্বর ঘুরে এই নজিরবিহীন ও লজ্জাজনক অভিযোগের সত্যতা মিলেছে। সকাল গড়িয়ে দুপুর হলেও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ম, থানা সাব-রেজিস্ট্রি অফিস এবং যুব উন্নয়ন অধিদপ্তরসহ গুরুত্বপূর্ণ কোনো দপ্তরেই জাতীয় পতাকা উড়তে দেখা যায়নি।


উপজেলায় প্রয়োজনীয় কাজে আসা স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের প্রতিনিধিরা বিষয়টি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। উপজেলা চত্বরে আসা সাধারণ সেবাগ্রহীতা মো. রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ” অফিসের কর্তাবাবুরা হয়তো ঘুমিয়ে আছেন! বেলা ২টা বেজে গেছে অথচ দেশের পতাকা টানানো হয়নি। এটা স্রেফ দায়িত্বহীনতা নয়, আমাদের জাতীয় পতাকার প্রতি চরম অবমাননা।”


স্থানীয় এক বীর মুক্তিযোদ্ধা নাম প্রকাশ না করার শর্তে অত্যন্ত দুঃখের সাথে বলেন, “যে পতাকার জন্য রক্ত দিলাম, জীবন বাজি রেখে যুদ্ধ করলাম, আজ স্বাধীন দেশে সরকারি কর্মকর্তাদের টেবিলে এসি চলে অথচ তাদের অফিসের ছাদে আমাদের আবেগের পতাকাটা টানানোর লোক থাকে না! এই উদাসীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা পতাকার মর্যাদা বোঝে না, তাদের এই চেয়ারে বসার যোগ্যতা নেই।


এ বিষয়ে বটিয়াঘাটা উপজেলা চত্বরের একাধিক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা নিজেদের দোষ ঢাকতে নানা অজুহাত দাঁড় করানোর চেষ্টা করেন। কেউ কেউ বলেন, হয়তো পিয়ন খেয়াল করেনি। ব্যস্ততার কারণে পতাকা ওড়ানো হয়নি, আমি খোঁজ নিচ্ছি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে বিষয়ে জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান জানান, আমি বিষয়টি দেখবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
কী বলছে বিধিমালা?


বাংলাদেশ পতাকা বিধিমালা (People’s Republic of Bangladesh Flag Rules, 1972) অনুযায়ী, দেশের সকল সরকারি ভবন ও কার্যালয়ে প্রত্যেক কর্মদিবসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক। বটিয়াঘাটা উপজেলার সরকারি দপ্তরগুলো এই নিয়মের স্পষ্ট লঙ্ঘন করেছে, যা আইনত দণ্ডনীয় অপরাধের শামিল।


জাতীয় পতাকার প্রতি এমন অবমাননাকর উদাসীনতার বিরুদ্ধে তদন্তপূর্বক সংশ্লিষ্ট দপ্তরের পিয়ন থেকে শুরু করে কর্মকর্তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা জেলা প্রশাসকের (ডিসি) জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন বটিয়াঘাটার সর্বস্তরের জনগণ।