শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
আদালতের নির্দেশ উপেক্ষা করে বাগেরহাটের শরণখোলায় রাতের আধাঁরে এক কৃষক সহ দু’ শিক্ষকের প্রায় দশ লাখ টাকার সম্পত্তি জবর দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ এক মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে।
উপজেলার ধানসাগর ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা মৃত এন্তে আলীর ছেলে মাদ্রাসা শিক্ষক আব্দুর রহমান হাওলাদার, আব্দুর রশিদ হাওলাদার এবং কৃষক মোনায়েম হাওলাদার অভিযোগ করে বলেন, ৩ নং নলবুনিয়া মৌজার (বিআরএস) ২৩৪ নং খতিয়ানের ১৭৭ নং দাগের ০.৮৪ একর জমি নিয়ে তাদের ভাই ও ধানসাগর নলবুনিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম হাওলাদারের সাথে মতবিরোধ দেখা দেয়। ওই ঘটনায় আঃ রশিদ বাদী হয়ে অধ্যক্ষ আব্দুস ছালাম ও তাদের প্রতিবেশী আবু নাইমের বিরুদ্ধে বাগেরহাট অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলাটি আমলে নিয়ে আদালত বিবাদমান ওই সম্পত্তিতে গত ৯ নভেম্বর ১৪৪ ধারা নিষেধাজ্ঞা জারী করেন। কিন্তু প্রতিপক্ষ আ. ছালাম হাওলাদার কতিপয় বখাটে যুবকদের ভাড়া করে গত ১১ নভেম্বর (বুধবার) রাতের আধাঁরে উক্ত জমিতে তুলে রাখা একটি বসত ঘর সহ ওই সম্পত্তি জবর দখল করেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য মোঃ আলতাফ হোসেন হাওলাদার এবং সমাজ সেবক মোঃ আফজাল হোসেন হাওলাদার বলেন, আঃ ছালাম হাওলাদার স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহযোগীতায় দীর্ঘদিন ধরে তার অন্যান্য ভাইদের নানাভাবে হয়রানির পাশাপাশি তাদের সম্পত্তি গায়ের জোরে ভোগ দখল করে আসছেন। এমনকি তিনি আদালতের নির্দেশ ও মানেন না এবং তার জন্ম ১৯৬১ সালে হলেও তার দাবীকৃত জমির দুইটি দলিল ১৯৫৭-১৯৫৮ সালের হয় কিভাবে? সেটাই এখন এলাকাবাসীর প্রশ্ন। এছাড়া তিনি যে মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন ওই মাদ্রাসাটি প্রতিষ্ঠা লগ্নে তার ভাই আ. রশিদ ও মোনায়েম হাওলাদারের নিকট হতে ০.২২ একর জমি নেন। যা পরবর্তীতে অন্য জায়গা হতে ০.৩৩ একর জমি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এ পর্যুন্ত উক্ত সম্পত্তি তাদেরকে আদৌ বুঝিয়ে দেননি তিনি। বিষয়টি খতিয়ে দেখে প্রসাশনের ব্যাবস্থা গ্রহন করা উচিত। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মঈনুল হোসেন টিপু বলেন, আমার জানা মতে মাওলানা সহ তার ভাইয়েরা সকল জমি সমহারে বন্টন করে ভোগ দখল করতেন। নুতনভাবে বিরোধ সৃষ্টির বিষয়টি নিয়ে শীঘ্্রই একটি বৈঠক করে তা নিঃস্পত্তির চেষ্টা করা হবে। তবে, অধ্যক্ষ মাওঃ আঃ ছালাম হাওলাদার বলেন, ওই বসত বাড়ীর জমি আমার নামে বাবা বহু বছর আগে ক্রয় করে রেখে গেছেন। তাই আমার জমি আমি দখলে নিয়েছি। এখানে জবর দখলের কিছু হয় নাই। এছাড়া ওদের অন্য-অন্য সকল অভিযোগ সম্পুর্ন কাল্পনিক। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, আদালতের নির্দেশে ইতিমধ্যে নোটিশ জারী করে উভয় পক্ষকে অন্যত্র সরিয়ে দেয়া হয়েছে এবং শান্তি শৃংখলা রক্ষায় পুলিশের নজর দারী রয়েছে ।











































