Home আঞ্চলিক পাইকগাছায় ডিসিআর পাওয়ার উদ্দেশ্যে চিংড়ি ঘের দখলের চেষ্টা, ৯৯৯-এ কলে রক্ষা!

পাইকগাছায় ডিসিআর পাওয়ার উদ্দেশ্যে চিংড়ি ঘের দখলের চেষ্টা, ৯৯৯-এ কলে রক্ষা!

2


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় ডিসিআর (DCR) আবেদনের পক্ষে ‘দখল প্রমাণ’ দেখাতে ভরা মৌসুমে একটি চিংড়ি ঘেরে বাসা বেঁধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। বুধবার সকালে উপজেলার লস্কর ইউনিয়নের কেওড়াতলা মৌজায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ঘের মালিক জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করলে পুলিশের হস্তক্ষেপে জমি দখলের এই চেষ্টা ব্যাহত হয়। এই অভিনব কায়দায় দখল চেষ্টার ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

৪৭ বছরের ভোগদখল বনাম অভিনব দখল চেষ্টা: ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেওড়াতলা মৌজায় লক্ষ্মীখোলা গ্রামের ইকবাল কাগজী প্রায় সাত বিঘা জমিতে দীর্ঘ ৪৭ বছর ধরে শান্তিপূর্ণভাবে চিংড়ি চাষ করে আসছেন। এই জমির মধ্যে ৭৩ শতক জায়গা ভিপি (অর্পিত সম্পত্তি) তালিকাভুক্ত। ইকবাল কাগজী ও তার পূর্বসূরিরা বাংলা ১৩৮৫ থেকে ১৪৩২ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে ওই ৭৩ শতক জমি ডিসিআর মূলে নিয়মিত খাজনা পরিশোধ করে ভোগদখল করে আসছিলেন। চলতি ১৪৩৩ বঙ্গাব্দের জন্য তিনি যথানিয়মে ডিসিআর নবায়নের আবেদন করেন।

এদিকে, ওই ৭৩ শতক জমির ডিসিআর নিজের নামে নেওয়ার উদ্দেশ্যে জামায়াত নেতা মাহবুবুর রহমান মন্টু কাগজী সহকারী কমিশনার (ভূমি) অফিসে একটি পাল্টা আবেদন করেন। স্থানীয়দের অভিযোগ, আবেদনে নিজেকে দখলদার প্রমাণ করার জন্য বুধবার সকালে মন্টু কাগজী সদলবলে গিয়ে চিংড়ি ঘেরের পাশে রাস্তার ওপর তড়িঘড়ি করে একটি বাঁশের বাসা (ঘর) নির্মাণ শুরু করেন। এ সময় ঘের মালিক ইকবাল কাগজী বাধা দিলে মন্টু কাগজী ও তার লোকজন তা উপেক্ষা করে কাজ চালিয়ে যান। উপায়ান্তর না দেখে ইকবাল কাগজী তাৎক্ষণিক ‘৯৯৯’-এ কল করে পুলিশের সহযোগিতা চান। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দখলকারীরা পিছু হটে।

অভিযুক্ত ও ভুক্তভোগীর বক্তব্য: জমির দীর্ঘদিনের প্রকৃত ব্যবহারকারী ইকবাল কাগজী বলেন, “এই সম্পত্তি আমাদের পূর্বসূরিদের আমল থেকে ৪৭ বছর ধরে আমাদের দখলে আছে। আমরা নিয়মিত সরকারি রাজস্ব দিয়ে ডিসিআর নবায়ন করে আসছি। কিন্তু মন্টু কাগজী অন্যায়ভাবে জমিটি হাতিয়ে নিতে প্রশাসনকে দেখানোর জন্য জোরপূর্বক বাসা বেঁধে দখলদার সাজার অপচেষ্টা চালিয়েছেন।”

জমি দখলের চেষ্টার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জামায়াত নেতা মাহবুবুর রহমান মন্টু কাগজী অকপটে ভূমি অফিসের পরামর্শের কথা উল্লেখ করে বলেন:

“ভূমি অফিস থেকে আমাকে বলা হয়েছে যে, জমি বাস্তবে দখলে না থাকলে ডিসিআর পাওয়া যাবে না। মূলত সেই কারণেই আমি ডিসিআর পাওয়ার উদ্দেশ্যে জমি দখলে গিয়েছিলাম।”

ভূমি প্রশাসনের বক্তব্য: এ বিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বি জানান, “উক্ত ৭৩ শতক জমির ডিসিআরের জন্য দু’পক্ষই আমাদের দপ্তরে আবেদন জমা দিয়েছে। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন। উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে এবং সরেজমিনে প্রকৃত দখলদার যাচাই-বাছাই করে আইনগতভাবে সঠিক পক্ষকেই ডিসিআর প্রদান করা হবে।”