ঢাকা অফিস।।
মাদক নির্মূলে চলতি বছর ১৭ ফেব্রুয়ারি হতে ৩১ মে পর্যন্ত দেশব্যাপী ৩০ হাজার ৭৪৪টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৯ হাজার ২৫১টি মামলা দায়ের এবং ৯ হাজার ৬৮৫ জন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার দেশব্যাপী মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
সমাজে মাদকের ভয়াবহতা হ্রাসকল্পে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বৃহত্তর পরিসরে মাদকের সরবরাহ হ্রাস (Supply Reduction), চাহিদা হ্রাস (Demand Reduction) এবং ক্ষতি হ্রাস (Harm Reduction) এই তিনটি কর্মকৌশল নিয়ে সারাদেশে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার মাদক ও সন্ত্রাস নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদক ও সন্ত্রাস ধীরে ধীরে পুরো সমাজ ব্যবস্থাকেই ধ্বংস করে দেয়। কেবল পুলিশি অভিযানের মাধ্যমে মাদক ও সন্ত্রাস এর মূলোৎপাটন করা পুরোপুরি সম্ভব নয়।
এর জন্য প্রয়োজন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সবার সম্মিলিত সহযোগিতা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী ১লা মে হতে দেশব্যাপী মাদক ও সন্ত্রাস নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।










































