Home খেলাধুলা অস্ট্রেলিয়ার বিপক্ষে বিধ্বস্ত জ্যোতিরাও

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিধ্বস্ত জ্যোতিরাও

1

স্পোর্টস ডেস্ক।।

একদিনেই অস্ট্রেলিয়ার ছেলে ও মেয়েদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু দুই ম্যাচের কোনোটিতেই হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

ছেলেদের ম্যাচে কিছুটা প্রতিরোধ দেখা গেলেও নারী বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। একই দিনে দুই অজি দলের কাছেই হার মানতে হলো বাংলাদেশকে।

বুধবার (১৭ জুন) আগে ব্যাটিং করে বাংলাদেশের মেয়েরা ৮ উইকেটে ৭৭ রানে থামে। মামুলি রানের জবাবে খেলতে নেমে অস্ট্রেলিয়া জিতেছে ৯ উইকেটে।

ইংল্যান্ডের লিডসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেট হারিয়ে ৭৭ রান করে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে গিয়ে লিডসের মেঘলা কন্ডিশনে পেসারদের মুভমেন্ট সামলাতে পারেনি বাংলাদেশ।

পরে অজি স্পিনারদের দাপটের সামনেও রান তুলতে ব্যর্থ হন বাংলাদেশের ব্যাটাররা। সর্বোচ্চ ২৭ রান আসে নিগার সুলতানার ব্যাট থেকে। এর বাইরে কেবল রিতু মনিই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। বাকিদের রান যেন মোবাইল নম্বর! ৭৮ রানের লক্ষ্য তুড়ি মেরে উড়িয়ে দেয় অজি মেয়েরা। ৬৩ বল হাতে রেখেই মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। দলীয় ৩১ রানে মারুফা আক্তারের বলে রিতু মনির দারুণ ক্যাচে পরিণত হন বেথ মুনি (১০)। ওপেনার জর্জিয়া ভল ৩২ বলে ৪৫ এবং এলিসা পেরি ১৫ বলে ১৯ রানের ইনিংস খেলেন।

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খেল। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এই হার রানরেটের দিক থেকেও বড় ক্ষতি করে দিল জ্যোতিদের। এখন সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ নেই।