স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে শিরোপার অন্যতম দাবিদার পর্তুগালের। গ্রুপ ‘কে’তে রাত ১১টায় টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে মাঠে নামবেন রোনালদোরা।
মাঠে নামার আগে পর্তুগাল পেল বড় দুঃসংবাদ। নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে পাওয়া চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠেননি প্রধান ডিফেন্সের তারকা রুবেন দিয়াস।
বুধবার (১৭জুন) ম্যাচের আগে আন্তর্জাতিক ফুটবল প্রতিবেদক ফ্যাব্রিজিও রোমানোর বরাত দিয়ে রবার্তো মার্তিনেস এ তথ্য জানিয়েছেন।
কোচ রবার্তো মার্তিনেস বলেছেন, নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আঘাত পাওয়ার পর ম্যানচেস্টার সিটির এই ২৯ বছর বয়সী ডিফেন্ডার পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি।
টুর্নামেন্টের শুরুতেই দলের অন্যতম সেরা সেন্ট্রাল ব্যাককে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না বলে পরিষ্কার জানিয়েছেন মার্তিনেস। ম্যাচের আগে পর্তুগাল ভক্তরা পেল বড় একটি দুঃসংবাদ। কারণ প্রথম ম্যাচেই রক্ষণভাগের মূল তারকাকে পাচ্ছে না দলটি।
রুবেন দিয়াসের অনুপস্থিতিতে গঞ্চালো ইনাসিওর সঙ্গে রক্ষণভাগে জুটি বাঁধার দৌড়ে এগিয়ে আছেন তোমাস আরাউহো অথবা রেনাতো ভেইগা।
পর্তুগিজ মেডিকেল টিমের দেওয়া তথ্য অনুযায়ী, দিয়াসের ইনজুরি দীর্ঘমেয়াদি বা গুরুতর কিছু নয়। তবে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে (উজবেকিস্তান ও কলম্বিয়া) তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় পাওয়ার লক্ষ্যেই কঙ্গোর বিপক্ষে এই বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।










































