Home জাতীয় বকশীগঞ্জ সীমান্তে পুশইনকে কেন্দ্র করে উত্তেজনা, অবস্থানে বিজিবি ও স্থানীয়রা

বকশীগঞ্জ সীমান্তে পুশইনকে কেন্দ্র করে উত্তেজনা, অবস্থানে বিজিবি ও স্থানীয়রা

6

খুলনাঞ্চল রিপোর্ট।।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। পতাকা বৈঠকেও সমাধান না হওয়ায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে জামালপুর-৩৫ বিজিবির সদস্যরা ও স্থানীয়রা বাধা দিলে ওই ব্যক্তি শূন্যরেখায় অবস্থান নেন।

এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর-৩৫ বিজিবির সহকারী পরিচালক এবং নন্দীরচর বিএসএফ ক্যাম্পের এক পরিদর্শকের নেতৃত্বে প্রায় ৩০ মিনিটব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কোনো সমাধান না হওয়ায় বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে শূন্যরেখায় রেখেই চলে যায়। এতে সীমান্তে আবারও উত্তেজনা দেখা দেয়। অভিযোগ রয়েছে, বিএসএফ সদস্যরা কয়েক দফা ওই ব্যক্তিকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও স্থানীয়দের প্রতিরোধের মুখে তিনি ফিরে যান।

এ সময় উভয় বাহিনীর সদস্যদের মধ্যে বাকবিনিময়ের ঘটনাও ঘটে। স্থানীয়রা জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও বিজিবির পাশে অবস্থান নেন।

জামালপুর-৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন বলেন, সকালে এক ব্যক্তিকে ভারত থেকে শূন্যরেখায় পাঠানো হয়েছে। আমরা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।