স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপের আগে দারুণ এক বার্তা দিলেন দিলারা আক্তার দোলা। নেদারল্যান্ডসের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ২২ বলে ফিফটি করে গড়েছেন নারী টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম পঞ্চাশের নতুন রেকর্ড।
দিলারার ব্যাটে চড়েই ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে জয়ের দেখা পায় বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দিলারার ফিফটিতে বাংলাদেশ নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে।
জবাবে খেলতে নেমে ডাচদের ইনিংস থেমে যায় ৮৫ রানে, হারায় ৫ উইকেট। তাতে ১৩ রানের জয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ করলো বাংলাদেশ।
ডাচদের ৮৫ রানে আটকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফারিয়া ও রিতু, দুজনই দুটি করে উইকেট শিকার করেন।
স্কটল্যান্ডের এডিনবরায় বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে এই কীর্তি গড়েন দিলারা।
বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচটির দৈর্ঘ্য নেমে আসে ৮ ওভারে। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দিলারা। খেলেন ২৬ বলে ৫১ রানের ইনিংস। এই ইনিংস খেলার পথে ২২ বলে ফিফটি পূর্ণ করে রেকর্ডবুকে নাম তুলে ফেলেন দিলারা। ইনিংসটি সাজান ৮টি চার ও ২টি ছক্কায়। ২০১৯ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ২৮ বলে ফিফটি করে বাংলাদেশের নারী ক্রিকেটে দ্রুততম টি-টোয়েন্টি ফিফটির রেকর্ড গড়েছিলেন রুমানা আহমেদ। বাংলাদেশ নারী ক্রিকেটে এখন দ্রুততম টি-টোয়েন্টি ফিফটির নতুন রেকর্ডধারী দিলারা আক্তার।
দিলারার ৫১ রানের পর জয়িতা ১৩ ও সোবহানা অপরাজিত ১১ রানে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯৮।
বৃহস্পতিবার ম্যাচটি জিতলেও অবশ্য লাভ হয়নি খুব বেশি। ত্রিদেশীয় সিরিজের শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। আগেই ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে ফেলে স্বাগতিক স্কটল্যান্ড। ফলে বাংলাদেশের শিরোপা স্বপ্ন থেমে যায় আগেই।
তবে শেষ ম্যাচের জয় বিশ্বকাপের আগে দলকে কিছুটা হলেও স্বস্তি দেবে। আগামী ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বিশ্বকাপ অভিযান। তার আগে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।










































