Home আঞ্চলিক রূপসায় বিএনপি কর্মী গুলিতে জখম, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের নিন্দা

রূপসায় বিএনপি কর্মী গুলিতে জখম, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের নিন্দা

40

স্টাফ রিপোর্টার।।

খুলনার রূপসা উপজেলায় প্রকাশ্য দিবালোকে এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে সাইনুর শেখ (৪৫) নামের ওই রাজনৈতিক কর্মী গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার টিএসবি ইউনিয়নের তালতলা গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

আহত সাইনুর শেখ দীর্ঘদিন ধরে স্থানীয় জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত এবং একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সাইনুর শেখ তালতলা গ্রাম দিয়ে যাওয়ার সময় একদল অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুর্বৃত্ত তাঁর গতি রোধ করে এবং আকস্মিকভাবে তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় সাইনুরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এদিকে, রূপসায় দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও বিএনপি কর্মী সাইনুর শেখের ওপর এই কাপুরুষোচিত ও অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল।

সংগঠনের জেলা আহবায়ক আতাউর রহমান রনু তার ফেসবুকে বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আজ আবারও আমাদের নেতা-কর্মীদের ওপর বুলেটের ভাষা বেছে নিয়েছে ঘাতকেরা। শান্ত রূপসাকে অশান্ত করার এই অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতা-কর্মীরা।