স্টাফ রিপোর্টার।।
খুলনার বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুন) খুলনা মহানগরীর খালিশপুর এলাকার বাসিন্দা মৃত মো. আলতাফ হোসেনের কন্যা নাছরিন আক্তার (৪০) বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। তিনি তাঁর স্বামী মো. আলমগীর হোসেন কবির (৪৮)-এর বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের আওতায় এ অভিযোগ এনেছেন। মামলাটি আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অভিযোগটি আমলে নেন এবং আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।
মামলার এজাহার ও নথি সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. আলমগীর হোসেন কবির খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন আমিরপুর গ্রামের মৃত শামতুল্লাহ শেখ ও হাজেরা বেগমের ছেলে। এই মামলায় মোট পাঁচজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলায় উত্থাপিত যৌতুকের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করে আইনি প্রক্রিয়া শুরু করেছেন।











































