বাগেরহাট প্রতিনিধি।।
সুন্দরবনে নতুন দস্যু দল গঠনের আগেই আত্মসমর্পণ করা কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র দুই সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে নতুন দস্যু দলের নামে প্রস্তুত করা ৫০০টি কার্ডও উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় অষ্টম বারের মতো পরিচালিত অভিযানে আত্মসমর্পণে অনিচ্ছুক ‘ছোট সুমন বাহিনী’র দুই সদস্যকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় যে, ‘চাচা-ভাইরপো’ নামে নতুন একটি দস্যু দল গঠন করে পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে ওই দুই সদস্য। তারা রূপসা খেয়া ঘাট ও কাটাখালীর মোড় এলাকায় অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে মো. নাজমুল শেখ (৩৫) ও হানিফ শেখ (৪২) নামের দুই বনদস্যুকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দস্যুতার উদ্দেশে সদ্য প্রস্তুত করা ‘চাচা-ভাইরপো’ নাম সম্বলিত ৫০০টি কার্ড উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের সমন্বয়ে মোংলা থানাধীন সুন্দরবনের সেলা নদীর বটতলার খাল সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি একনলা বন্দুক, ১টি পাইপ গান, ১টি খেলনা পিস্তল এবং ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক নাজমুল শেখ ও হানিফ শেখ বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র সঙ্গে জড়িত থেকে সুন্দরবন এলাকায় দস্যুতা করে আসছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড। গত ১৭ মে ‘ছোট সুমন বাহিনী’র আত্মসমর্পণের পর তারা নতুন করে ‘চাচা-ভাইরপো’ নামে বাহিনী গঠন করে পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যু মুক্ত করতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











































