Home জাতীয় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের

হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের

0


ঢাকা অফিস।।

সারাদেশ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে, আর একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও উপসর্গে ৫৫৫ শিশুর প্রাণ গেল। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়েছে ১১৩৬ জন।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে ১০ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৫ শিশুই ঢাকা বিভাগের। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ২ এবং রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে।

আরও জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ শিশু। তাদের মধ্যে ৩৬৬ শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম (১৯৩), বরিশাল (১৫৭) ও রাজশাহী (৭৩) বিভাগ। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮১ জন হাসপাতাল থেকে ছুটিও পেয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭২ দিনে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৬ হাজার ২৩ জনের। হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ হাজার ৫৩০ জন। মোট হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের। এ ছাড়া ৭২ দিনে হাসপাতাল থেকে ছুটি পেয়েছে ৪৮ হাজার ৮০০ জন।