Home Lead ৭ জেলায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ১২

৭ জেলায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ১২

0


খুলনাঞ্চল রিপোর্ট।।


দেশের সড়ক-মহাসড়কগুলোতে যেন থামছেই না মৃত্যুর মিছিল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের পৃথক সাতটি জেলায় সড়ক দুর্ঘটনায় নারী, শিশুসহ ১২ জনের প্রাণহানি ঘটেছে।

এর মধ্যে বরিশালে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন এবং সিরাজগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সাতক্ষীরা, খুলনা, ফরিদপুর, চাঁদপুর ও জামালপুরে প্রাণ হারিয়েছে আরো ৫ জন। এসব দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে।

বরিশালে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিয়া বেগম ও তাদের শিশুকন্যা জান্নাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কে যানজটের কারণে মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।

এ সময় বরিশালগামী ‘তাজ আনন্দ পরিবহন’ নামের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়। এ ঘটনায় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সিরাজগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন সিআরবিসি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন পুরুষ যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সলঙ্গা থানার ওসি আসলাম আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ ভাই নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তেতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তালা উপজেলার প্রসাদপুর গ্রামের নাসিম আলী ফকির (৩২) ও মেহেদী হাসান ফকির (২৫)। তালা থানার ওসি শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

খুলনায় কোরবানি পশু বহনকারী নসিমন উল্টে ব্যবসায়ী নিহত

খুলনার কয়রায় কোরবানির পশু বহনকারী নসিমন উল্টে মিজানুর রহমান (৩৬) নামের এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মিজানুরের সাত বছরের ছেলে হাবিবসহ আরো তিনজন আহত হয়েছে। কয়রা থানার ওসি মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফরিদপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর সদরের ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মিম খাতুন (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

জামালপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে পথচারী নিহত

জামালপুর সদরের ছোট জয়রামপুর এলাকায় বালুবাহী ড্রামট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষের মাঝে পড়ে রত্না ভানু (৪৭) নামের এক পথচারী নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, পিবিআইয়ের সহায়তায় নিহত নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনায় আহত পিকআপ চালককে চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।

চাঁদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

চাঁদপুরে সিমেন্টবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিম আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে হাজিগঞ্জ পৌর এলাকার জিয়ানগর অনি-রনি ব্রিকসের সামনে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে এই ঘটনা ঘটে।

নিহত মিম হাজিগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মুন্সি বাড়ির ইমান হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, মিম তার নানির সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ নানির হাত ছেড়ে সড়ক পার হতে দৌড় দেয়। এ সময় রামগঞ্জগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি জব্দ করেছে। চালক ও তার সহকারী পালিয়েছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।