ঢাকা অফিস।।
দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরেই বজ্রপাতসহ ঝড়বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ পরিস্থিতি আগামী শুক্রবার (২৯ মে) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, শুক্রবারের পর দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। তবে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
তিনি আরও জানান, আগামী ১ বা ২ জুন বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি কোন দিকে অগ্রসর হবে, তার ওপর পরিস্থিতি নির্ভর করবে।
আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।











































