স্পোর্টস ডেস্ক।।
আইপিএলের চলতি মৌসুমে ভালো পারফর্ম করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই মৌসুম শেষ করতে হলো ফ্র্যাঞ্চাইজিটিকে। তাতে ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার নীতা আম্বানিকে পড়তে হলো ট্রলের মুখে। নিজের বিশ্ববিদ্যালয়েই এক শিক্ষার্থীর এই ট্রল করেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সমাবর্তন অনুষ্ঠানে এক শিক্ষার্থী নিজের জীবনের খারাপ সময়কে এ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো অবস্থার সঙ্গে তুলনা করেন।
শিক্ষার্থীর এমন বিদ্রূপাত্মক মন্তব্যে হাসির রোল পড়ে যায়। এ সময় সেই শিক্ষার্থী বলেন, মুম্বাই ইন্ডিয়ান্সের মতো জীবনেও কঠিন সময় আসবে, যা শুনে পুরো অডিটরিয়াম হেসে ওঠে। ক্যামেরায় ধরা পড়া নীতা আম্বানিও এই মন্তব্যে হেসে ফেলেন। পরে সেই ছাত্র, জীবনসংগ্রাম, ঐতিহ্য এবং আত্মবিশ্বাসের বার্তা দিতে এই উদাহরণটি ব্যবহার করে।
বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানগুলো সাধারণত আবেগঘন স্মৃতি, অনুপ্রেরণামূলক বার্তা এবং ভবিষ্যতের স্বপ্নে পরিপূর্ণ থাকে। কিন্তু এবার মঞ্চে থাকা এক ছাত্র ক্রিকেটীয় এমন এক মোড় এনে দিল যে, পুরো অডিটরিয়াম হাসিতে ফেটে পড়ল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই রসিকতার লক্ষ্যবস্তু নীতা আম্বানিও নিজের হাসি ধরে রাখতে পারেননি।











































