Home আঞ্চলিক দাকোপে র‌্যাবের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, পরে যৌথ অভিযানে পুনরায়...

দাকোপে র‌্যাবের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, পরে যৌথ অভিযানে পুনরায় গ্রেপ্তার

38

স্টাফ রিপোর্টার।।

খুলনার দাকোপ উপজেলায় র‌্যাব-৬ এর অভিযানে গ্রেপ্তার দুই আসামিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদের পুনরায় গ্রেপ্তার করে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, শুক্রবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে দাকোপ থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি রসুল গাজী ও মুকুন্দ মন্ডলকে উপজেলার চালনা পৌরসভার আচাভুয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ এর একটি দল। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬ এর স্কোয়াড্রন কমান্ডার এএসপি আরিফুল সরদার।

অভিযোগ রয়েছে, গ্রেপ্তারের পর ঘটনাস্থলেই স্থানীয় বিএনপি নেতা ও দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মান্নান খান এবং চালনা পৌর বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী আসামিদের ছিনিয়ে নেয়। এ সময় র‌্যাব-৬ এর একটি পিকআপ ভাঙচুর করে সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত করা হয় বলেও জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দাকোপ উপজেলার খোনা গ্রামে প্রায় ৩১ বিঘা জমির একটি মৎস্য ঘেরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর মধ্যে ১৮ বিঘা জমি স্থানীয় আব্দুল্লাহর নামে, ৪ বিঘা মাগুরা জেলার কামাল রাশেদের নামে এবং বাকি ৯ বিঘা খাস জমি বলে দাবি করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ওই ঘেরকে কেন্দ্র করে সম্প্রতি বিরোধ তীব্র আকার ধারণ করে। যুবদলের এক নেতার পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে খাস জমি অবৈধভাবে দখল করে মাছ চাষ করা হচ্ছে। এ নিয়ে এজাহারভুক্ত আসামি রসুল গাজী ঘেরটি দখলের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।

পরবর্তীতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ছিনিয়ে নেওয়া আসামিদের পুনরায় আটক করা হয়। পরে তাদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে এ ঘটনায় সংশ্লিষ্ট বিএনপি নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।