Home আঞ্চলিক খুমেক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুমেক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

1

স্টাফ রিপোর্টার।।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২০ মে) রাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই কমিটি গঠন করা হয়।

কমিটির প্রধান করা হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলামকে। সদস্য সচিব করা হয়েছে- খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নুরুল মোহাম্মদ আনাছ। সদস্য হিসেবে আছেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. মাসুদ সরদার, গণপূর্তের ইলেক্ট্রোমেকানিক্যাল-ইএম বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিম এবং ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রতিনিধি।

বৃহস্পতিবার (২১ মে) সকালে তদন্ত কমিটির সদস্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. মাসুদ সরদার এ প্রতিবেদককে বলেন, “প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল বলে নিশ্চিত হওয়া গেছে। আগুনে বড় ধরনের কোনো আর্থিক ক্ষতি হয়নি। অপারেশন থিয়েটার সংলগ্ন পোস্ট অপারেটিভ ওয়ার্ডের কয়েকটি বেড আগুনে পুড়ে গেছে। এছাড়া, ভবনের তৃতীয় তলায় পুরাতন মালামালের স্টোর রুমের রাখা পরিত্যক্ত মালামাল পুড়ে যায়। তারপরও তদন্ত কমিটির অনুসন্ধান সাপেক্ষে ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।”

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ উল্লেখ না করে তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদ দাখিলের জন্য সময় দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় নিচে নামতে গিয়ে দুজন নার্স এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য (গাড়ি চালক) আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে। এর বাইরে কমবেশি কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চারতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়ায় রোগী এবং তাদের পরিজনদের মধ্যে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হন। অগ্নিকাণ্ডের ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন- হাসপাতালের স্টাফ সাইদুর রহমান (৫০), সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী ও শারমিন এবং ফায়ার সার্ভিস সদস্য তৌহিদ।

আগুন লাগার খবর পেয়ে খুলনা সফররত স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক হুরে জান্নাত। খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলালও অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন।