স্টাফ রিপোর্টার
দৌলতপুর থানার মাদক মামলার এক আসামিকে ৮বছর সশ্রম কারাদন্ড, ১০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৫মাস বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো.শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামির হলেন নগরীর আড়ংঘাটা মোল্যা রাইচ মিলের পাশে ইটের সলিংয়ের রাস্তার মাথার বাসিন্দা মোস্তফা হাওলাদারের ছেলে স্বপন হাওলাদার (১৯)। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ৪জুলাই বিকেল পৌনে ৬টার দিকে দৌলতপুর মহসীন মোড়ে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় জান্নাত ফার্মেসীর সামনে থেকে ১০ লিটার দেশিয় তৈরী চোলাই মদসহ স্বপন হাওলাদারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই মো. রুহুল আমীন বাদী স্বপনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-৬। ওই বছরের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কামরুজ্জামান আদালতে স্বপনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার।











































