Home Lead হত্যা-গুলিবর্ষণ-বজ্রপাত: দক্ষিণাঞ্চলে একদিনেই প্রাণ গেল ৭ জনের

হত্যা-গুলিবর্ষণ-বজ্রপাত: দক্ষিণাঞ্চলে একদিনেই প্রাণ গেল ৭ জনের

28


স্টাফ রিপোর্টার।।

খুলনা, সাতক্ষীরা ও ঝিনাইদহে পৃথক ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন। এর মধ্যে খুলনায় ঘরে ঢুকে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সুন্দরবনে বন বিভাগের গুলিতে এক জেলে নিহতের অভিযোগ, ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে হত্যা।।

খুলনার কয়রা উপজেলায় ঘরের বেড়া কেটে ও সিঁধ খুঁড়ে ভেতরে ঢুকে ভবতোষ মৃধা নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী।

রোববার দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভবতোষ মৃধা স্থানীয় গিলাবাড়ি বাজারের ‘অনূষ্কা ফার্মেসি’র মালিক ও পরিচিত ওষুধ ব্যবসায়ী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের নিচের মাটি সরিয়ে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। শব্দ পেয়ে ভবতোষ মৃধা জেগে উঠলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জায়গীরমহল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে ভবতোষ মৃধার মৃত্যু হয়।

কয়রা থানার ওসি শাহ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি বা ডাকাতির উদ্দেশ্যে এ হামলা হয়েছে। তবে পূর্ব শত্রুতার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

সুন্দরবনে বন বিভাগের গুলিতে জেলে নিহতের অভিযোগ।।

সাতক্ষীরার সুন্দরবনে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিমের গুলিতে আমিনুর রহমান (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে সুন্দরবনের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমিনুর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী জেলেদের দাবি, বন বিভাগের টহল দলের সদস্যরা গুলি চালালে আমিনুর গুলিবিদ্ধ হন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বনজীবীরা বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন ও সাতক্ষীরা রেঞ্জ অফিসে ভাঙচুর চালায়।

স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কিছু কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জেলে ও বাওয়ালিদের হয়রানির অভিযোগ রয়েছে। তবে বন বিভাগ বলছে, কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

খুলনার পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বন বিভাগের কেউ জড়িত থাকলে অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু।।

এদিকে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।

মৃতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার দিনমজুর আসাদুল ইসলাম (৪০) এবং শৈলকুপা উপজেলার আন্না খাতুন (৪৫)।

জানা গেছে, সোমবার বিকেলে ঝড়-বৃষ্টির সময় সদর উপজেলার মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন আসাদুল ইসলাম। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে শৈলকুপার দামুকদিয়া গ্রামে বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান আন্না খাতুন। এছাড়া জেলার আরও কয়েকটি এলাকায় বজ্রপাতে আহত হয়েছেন তিনজন।

বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও।।

ঝিনাইদহ সদর উপজেলার গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মজিবর খান ও তার স্ত্রী মোমেনা খাতুন। একই সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, সকালে বাড়িতে বৈদ্যুতিক ফ্যানের সাহায্যে ধান উড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মজিবর খান। এ সময় তাকে বাঁচাতে গেলে স্ত্রী মোমেনা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে দক্ষিণাঞ্চলে হত্যা, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগজনিত মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।