Home Lead বনবিভাগের গুলিতে জেলে নিহত, সেই লাশ নিয়ে রেঞ্জ অফিসে ব্যাপক ভাঙচুর

বনবিভাগের গুলিতে জেলে নিহত, সেই লাশ নিয়ে রেঞ্জ অফিসে ব্যাপক ভাঙচুর

3


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।

সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় কাকড়া আহরণের সময় বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ সেই লাশ নিয়ে আজ সোমবার বিকেল ৪টায় জেলেরা বন বিভাগের সাতক্ষীরার রেঞ্জ অফিস ঘেরাও করে ব্যাপক ভাঙচুর করেছে। এ সময় চার বন কর্মকর্তা মারাত্মকভাবে আহত হয়।

এর আগে আজ সকাল ৭টার দিকে সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় এই ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিতে আমিনুরের মরদেহ নিয়ে লোকালয়ে ফিরেছে তার সহকর্মীরা।

নিহত আমিনুর রহমান গাজী (৪৫) সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে।

আহতরা হলেন ফরেস্টার শেখ মো. ফারুক আহমেদ (৫৫), বনরক্ষী মো: মেজবাউল ইসলাম (৪৫), ফায়জুর রহমান (৪০), আজাদুল ইসলাম (৪২) ও স্বেচ্ছাসেবক এখলাছুর রহমান (২৭)।

আমিনুরের সহকর্মী আহাম্মাদ আলী, সেলিম ও রমজানের বরাত দিয়ে স্থানীয়রা জানান, তারা চারজন গত ১৩ মে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে কাকড়া আহরণে সুন্দরবনে প্রবেশ করেন। আজ সকাল ৭টার দিকে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা এলাকায় কাকড়া আহরণের সময় বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা তাদের দাড়ানোর সিগন্যাল দেয়। কিন্তু নির্দেশনা মানতে গড়িমসি করায় নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক তাদের দিয়ে লক্ষ করে গুলি ছোড়ে। এতে আমিনুর রহমান গাজী গুলিবিদ্ধ হন। পরে তার মৃত্যু হয়।

বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, এ বিষয়ে তাদেরকে এখনো কেউ কিছু জানায়নি।

গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুরের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি ইউএনও ও ডিএফওকে জানানো হয়েছে। মরদেহ নিয়ে পরিবারটি এখন কি করবে, তা নিয়ে প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, ‘গুলিতে এক জেলের মৃত্যুর ঘটনা জানা গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’