স্পোর্টস ডেস্ক।।
সিলেট টেস্টে ধীরে ধীরে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের শেষ বিকেলে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।
দিনের দ্বিতীয় সেশনের শেষ দিকে শতকের অপেক্ষায় ছিলেন মুশফিক। চা বিরতিতে তিনি অপরাজিত ছিলেন ৯০ রানে।
বিরতির পর মোহাম্মদ আব্বাসকে চার মেরে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। এই শতকের মাধ্যমে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন এককভাবে মুশফিকের দখলে। এতদিন তিনি যৌথভাবে শীর্ষে ছিলেন মুমিনুল হকের সঙ্গে। এর আগে দিনের শুরুতে কিছুটা চাপে পড়লেও লিটন দাস ও মুশফিকের জুটিতে ম্যাচে আধিপত্য তৈরি করে বাংলাদেশ।
লিটন ফিফটি তুলে নেওয়ার পর ৫৯ রানে ফিরলেও ইনিংসের হাল ধরে রাখেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন এই অভিজ্ঞ ব্যাটার। ৮৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৭ রান।
প্রথম ইনিংসের লিড মিলিয়ে স্বাগতিকদের এগিয়ে থাকা ৩৮৩ রানে। মুশফিক অপরাজিত আছেন ১০৭ রানে, অন্যপ্রান্তে তাইজুল ইসলামের সংগ্রহ ২০।











































