Home Lead দক্ষিণের ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ, উত্তরে ঝরছে বৃষ্টি

দক্ষিণের ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ, উত্তরে ঝরছে বৃষ্টি

9

খুলনাঞ্চল রিপোর্ট।।


বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। জ্যৈষ্ঠ মাস শুরুতেই দেশের আবহাওয়ার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এদিকে উত্তরাঞ্চলে রংপুর বিভাগে ঝরছে ভারি বৃষ্টি সঙ্গে বয়ে যাচ্ছে কালবৈশাখীও। আর দক্ষিণে পুরো খুলনা বিভাগসহ ১৩টি জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।

আবহাওয়া অধিদফতরের শনিবার (১৬ মে) সকালের পূর্বাভাস থেকে জানা গেছে, গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর জেলায় ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের অন্যান্য জেলায় তাপমাত্রা ছিল ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

মৃদু এ তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে উল্লেখ করে পূর্বাভাসে বলা হয়েছে, মাদারীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এদিকে রংপুর বিভাগসহ দেশের উত্তরাঞ্চলের ভারি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়। এ ছাড়া রংপুরে ৫১, নরসিংদীতে ৪৬, কিশোরগঞ্জের নিকলীতে ২১, ময়মনসিংহ ও সিলেটে ২৭ এবং কুমিল্লায় ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আগামী পাঁচ দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।