স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। বুকে চোট পাওয়ায় ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম। তার জায়গায় ডাকা হয়েছে সিলেটেরই ছেলে জাকির হাসানকে।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, ‘মিরপুরে প্রথম টেস্টে ক্যাচ ধরতে গিয়ে সাদমান বুকে আঘাত পান। তার বুকে গুরুতর চোট লেগেছে এবং তিনি ব্যথায় ভুগছেন। দুর্ভাগ্যজনকভাবে তিনি দ্বিতীয় (সিলেট) টেস্টে খেলতে পারবেন না। ’
চোটে ছিটকে পড়া সাদমান মিরপুর টেস্টে খুব একটা ভালো করতে পারেননি। দুই ইনিংসে করেছেন ১৩ ও ১০ রান। বিকল্প ওপেনার হিসেবে অবশ্য আগে থেকেই স্কোয়াডে ছিলেন তানজিদ হাসান। এই বাঁহাতি আছেন টেস্ট অভিষেকের অপেক্ষায়।
তবু সাদমানের জায়গায় ডাকা হলো জাকিরকে। এখন পর্যন্ত ১৩ টেস্টে ৫৯৩ রান করা জাকির এই সংস্করণে সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
সিলেটে আগামী শনিবার (১৬ মে) শুরু হতে চলা শেষ টেস্ট জিতলে পাকিস্তানিদের টানা দুবার ধবলধোলাই করবে নাজমুল হোসেন শান্তর দল।










































