আন্তর্জাতিক ডেস্ক।।
দীর্ঘ ১০ দিনের জল্পনা-কল্পনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে কংগ্রেস নেতা ভি ডি সাথীসনকে কেরালার মুখ্যমন্ত্রী পদে মনোনীত করেছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি)। আজ বৃহস্পতিবার এআইসিসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদ সংস্থা দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এআইসিসির নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক এবং দীপা দাসমুন্সি। এই ঘোষণার মধ্য দিয়ে কেরালায় সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)।
এর আগে গত ৪ মে কেরালা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে কংগ্রেসের ভেতরে তীব্র আলোচনা ও প্রতিদ্বন্দ্বিতা চলছিল। দলের একাধিক শীর্ষ নেতা এই পদের দৌড়ে ছিলেন বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল।
বুধবার মুখ্যমন্ত্রী পদের তিন প্রধান দাবিদার- এআইসিসির সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপাল, জ্যেষ্ঠ নেতা রমেশ চেন্নিথালা এবং সাবেক বিরোধীদলীয় নেতা ভি.ডি. সাথীসনের বাসভবনের সামনে বিপুল সংখ্যক সমর্থক জড়ো হন। আলাপ্পুঝায় চেন্নিথালার বাড়ি এবং এর্নাকুলামের পারাভুরে সাথীসনের বাসভবনের সামনে দিনভর উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
শেষ পর্যন্ত দলের কেন্দ্রীয় নেতৃত্ব ভি.ডি. সাথীসনের ওপর আস্থা রাখায় সব জল্পনার অবসান হলো।
সম্প্রতি অনুষ্ঠিত কেরালা বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ বড় জয় পায়। ১৪০ সদস্যের বিধানসভায় জোটটি ১০২টি আসনে জয়লাভ করে। অন্যদিকে সিপিআই(এম) নেতৃত্বাধীন লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ) দ্বিতীয় স্থানে নেমে যায়।










































