Home আঞ্চলিক ঝিনাইদহে কমিটি ঘোষণার একদিন পরই জেলা ছাত্রদল নেতার পদত্যাগ

ঝিনাইদহে কমিটি ঘোষণার একদিন পরই জেলা ছাত্রদল নেতার পদত্যাগ

2


ঝিনাইদহ প্রতিনিধি

দীর্ঘ সাড়ে আট বছর পর ঘোষিত ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদ পাওয়ার মাত্র একদিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত ১২ মে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ঝিনাইদহ জেলা ছাত্রদলের এই আংশিক কমিটির অনুমোদন দেন। কমিটিতে মো. ইমরান হোসেনকে সভাপতি এবং শাহরিয়ার রাসেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মেহেদী হাসানের নাম ঘোষণা করা হয়। বখতিয়ার মাহমুদকে দেওয়া হয়েছিল যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব।

তবে কমিটি ঘোষণার পর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পদত্যাগের ঘোষণা দিয়ে বখতিয়ার মাহমুদ লেখেন, “স্বার্থ নয়, আদর্শের ডাকেই জীবনের সবচেয়ে সোনালি সময়টুকু উৎসর্গ করেছি এই দলের জন্য। বিদায় ছাত্রদল, আল্লাহ ভরসা!”

তবে ঠিক কী কারণে তিনি পদত্যাগ করেছেন, সে বিষয়ে পোস্টে স্পষ্ট কিছু উল্লেখ করেননি তিনি।