Home খেলাধুলা জাতীয় দলের জার্সিতে বিশ্বজয়ের স্বপ্ন লালপুরের আলেয়ার

জাতীয় দলের জার্সিতে বিশ্বজয়ের স্বপ্ন লালপুরের আলেয়ার

14

স্পোর্টস ডেস্ক।।

জীর্ণ কুটির আর দারিদ্র্য নিত্যসঙ্গী হলেও, ফুটবল মাঠই তার আশার বাতিঘর। বল পায়ে মাঠে নামলেই যেন গোলবন্যা ছোটে তার।

টানা তিন ম্যাচে হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দিয়েছেন নাটোরের লালপুরের প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের সন্তান মোছা. আলেয়া খাতুন। অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে কোনো বাধাই জয় করা সম্ভব, তারই উজ্জ্বল দৃষ্টান্ত এই কিশোরী।

প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এ বল পায়ে জাদুকরী নৈপুণ্য দেখিয়েছেন আলেয়া। তার অনবদ্য পারফরম্যান্সে ভর করেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লালপুর উপজেলা।

টুর্নামেন্টের তিনটি ম্যাচেই টানা হ্যাটট্রিক করে এক বিরল কীর্তি গড়েছেন তিনি। প্রথম ম্যাচে নাটোর পৌরসভার বিপক্ষে লালপুর ৩-০ গোলে জয়লাভ করে, যার তিনটি গোলই আসে আলেয়ার পা থেকে।

সাফল্যের এই ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচে সিংড়া উপজেলার বিপক্ষেও তিনি দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন এবং দলকে ৬-০ ব্যবধানের বিশাল জয় এনে দেন।

এরপর তৃতীয় ও শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ গুরুদাসপুরকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে লালপুর। এই অসামান্য নৈপুণ্যেও হ্যাটট্রিকসহ দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। পুরো টুর্নামেন্টে এমন বিধ্বংসী ফর্মের কারণে নাটোর জেলার নারী ফুটবলে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন আলেয়া।

লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আলেয়ার এই পথচলা মোটেও মসৃণ ছিল না। চার বোন ও এক ভাইয়ের অভাবের সংসারে বড় হওয়া এই কিশোরীর ফুটবলের প্রতি এমন অনুরাগে প্রধান সাহস জুগিয়েছেন তার কৃষক বাবা। বাবার অনুপ্রেরণাতেই নর্থ বেঙ্গল ফুটবল একাডেমির এই খেলোয়াড় কোচ জুয়েলের অধীনে নর্থ বেঙ্গল সুগার মিল মাঠে নিয়মিত কঠোর অনুশীলন করে যাচ্ছেন।

অভাবের চোখরাঙানি এড়িয়ে আলেয়ার দুচোখ জুড়ে এখন শুধুই বড় স্বপ্ন। তার একমাত্র লক্ষ্য লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে একদিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং বিশ্বমঞ্চে দেশের পতাকা ওড়ানো।

অভাবের মেঘ সরিয়ে আলেয়া যেভাবে সাফল্যের সূর্য হয়ে উদিত হয়েছেন, তা এখন লালপুরসহ পুরো নাটোরবাসীর জন্য এক গর্বের উপাখ্যান। গ্রাম বাংলার এই বিস্ময়বালিকার পায়ের জাদুতে দেশের ফুটবল নতুন কিছু পাবে এবং সুযোগ পেলে একদিন সে বিশ্বমঞ্চে লাল-সবুজ পতাকা উড়াবে, এমনটাই বিশ্বাস সবার।