স্টাফ রিপোর্টার।।
খুলনায় চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ ও মনিটরিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রশাসনের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলা চাল সংগ্রহ ও মনিটরিং কমিটিতে মহানগর আওয়ামী লীগের এক নেতার নাম অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা প্রশাসক হুরে জান্নাত। পরে অনুমোদনের জন্য পাঠানো ফাইলটি তিনি ফেরত পাঠান।
জেলা প্রশাসকের কার্যালয় ও খাদ্য বিভাগ সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে সরকার প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকায় সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।
এ কার্যক্রম তদারকির জন্য মে মাসের প্রথম সপ্তাহেই জেলা পর্যায়ে সংগ্রহ ও মনিটরিং কমিটি গঠনের কথা ছিল।
তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে আগের কমিটির আদলে একটি প্রস্তাব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। ওই প্রস্তাবে কৃষক প্রতিনিধি হিসেবে রাখা হয় খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মল্লিক আবিদ হোসেন কবিরের নাম।
বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসার পর আপত্তি ওঠে।
প্রশাসনের সংশ্লিষ্টদের প্রশ্ন, রাজনৈতিক পরিচয়সম্পন্ন একজন ব্যক্তিকে কৃষক প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা কী।
জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, তাঁর সঙ্গে আলোচনা ছাড়াই আগের কমিটির কাঠামো পাঠানো হয়েছিল। কৃষক প্রতিনিধি হিসেবে যাঁর নাম প্রস্তাব করা হয়েছে, তা নিয়ে আপত্তি থাকায় ফাইলটি ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যেও প্রকিউরমেন্ট কমিটি গঠন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে জানতে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তানভীর হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
তবে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী বলেন, ‘বিষয়টি তেমন কিছু নয়। পূর্বের কমিটি জেলা প্রশাসকের কাছে পাঠানোর নিয়ম অনুযায়ী জেলা খাদ্য নিয়ন্ত্রক সেটি পাঠিয়েছিলেন। এখন নতুন কমিটি গঠন করা হবে।’
অন্যদিকে, সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, অধস্তন কর্মকর্তাকে রক্ষার চেষ্টা থেকেই আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এমন বক্তব্য দিয়েছেন।
কারণ জেলা খাদ্য নিয়ন্ত্রক অনুমোদনের জন্যই ফাইলটি জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছিলেন। বিষয়টি জেলা প্রশাসকের নজরে না এলে পুরনো কাঠামোতেই কমিটি গঠিত হয়ে যেত।











































