বিনোদন ডেস্ক।।
পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। ভোট গণনার ফল যতই প্রকাশ্যে আসছে, উত্তেজনা ততই বাড়ছে। আজ সোমবার সকালে ভোট গণনার প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মসনদে বসার দৌড়ে এগিয়ে রয়েছে বিজেপি।
এদিকে, এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়েছেন একাধিক তারকা প্রার্থী। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে শিবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ এগিয়ে রয়েছেন। এর আগে, ২০২১ সালে তিনি বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে লড়েও জয় লাভ করতে পারেননি। এবার অবশ্য নিজ এলাকা শিবপুর থেকে টিকিট পেতেই নির্বাচনী মাঠ আঁকড়ে পড়েছিলেন এই অভিনেতা।
করিমপুরে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী শুরু থেকেই এগিয়ে রয়েছেন। প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে বিজেপির সমরেন্দ্র ঘোষ ও বামপ্রার্থী প্রভাস মজুমদারের থেকে এগিয়ে রয়েছেন তিনি।
তবে শ্যামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী এগিয়ে থাকলেও বিজেপির হিরণ চট্টোপাধ্যায় পিছিয়ে পড়েছেন। অন্যদিকে, বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষের থেকে তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৩৮৬৮ ভোটে পিছিয়ে রয়েছেন।
সোনারপুর দক্ষিণ কেন্দ্রে বিজেপির রূপা গাঙ্গুলি এগিয়ে রয়েছেন। যেখানে লড়াই ছিল তৃণমূল-বিজেপির দুই তারকাপ্রার্থীর মধ্যে। একদিকে লাভলি মৈত্র, আরেকদিকে রূপা গাঙ্গুলি।
আর যাদবপুরে দু’রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার ও বামপ্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের চেয়ে প্রায় ৪ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়। সিনেদুনিয়ার লাইমলাইট থেকে দীর্ঘদিন দূরে থাকলেও ভোটের মাঠে মোদি-ম্যাজিকে বাজিমাত করতে চলেছেন তিনি।
বারাকপুরে তৃণমূলের রাজ চক্রবর্তী ও বিজেপি প্রার্থীর মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যদিও এই কেন্দ্রের ভোটগণনা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
প্রাথমিক গণনায় স্পষ্ট যে, এবারের নির্বাচনে তারকা প্রার্থীদের মধ্যে তুমুল প্রতিযোগিতা চলছে। কেউ এগিয়ে থাকলেও চূড়ান্ত ফল নির্ভর করছে বাকি রাউন্ডের গণনার ওপর। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ‘বাংলার মসনদ’ কার দখলে যাচ্ছে- তা নিয়ে অনিশ্চয়তা থাকছেই।










































