বিনোদন ডেস্ক।।
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটি মুক্তির আগেই চরম বিতর্কের মুখে পড়েছে। আগামী ১৫ মে এটি বড় পর্দায় আসার কথা থাকলেও, এর কঠোর বিরোধিতা করেছেন খোদ অভিনেত্রী এবং তার স্বামী ওমর সানী। তাদের দাবি, সিনেমা হিসেবে নয়, বরং এটি একটি ছোট পর্দার নাটকের জন্য শুটিং করা হয়েছিল।
গতকাল রোববার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় ওমর সানী বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে থাকাকালীন একটি নাটকের পাণ্ডুলিপি ভেবেই মৌসুমী কাজটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু এখন সেটিকে ‘কাটপিস’ যোগ করে সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা দর্শক চাহিদার পরিপন্থী। সানী স্পষ্টভাবে এই ছবির মুক্তি বন্ধের দাবি জানিয়েছেন।
একই ভিডিওতে চিত্রনায়িকা মৌসুমী নিজেও তার অবস্থান পরিষ্কার করেছেন। জানান, নির্মাতার অনুরোধে যুক্তরাষ্ট্রে একটি এক ঘণ্টার নাটকে অভিনয়ের জন্য রাজি হন তিনি। পরে শুটিং বেশি হওয়ায় সেটিকে টেলিছবি করার প্রস্তাব দেওয়া হয়।
বলেন, ‘টেলিছবি হিসেবে পারিশ্রমিক ও আনুষঙ্গিক আলাপ হলেও, সিনেমা হিসেবে সেন্সর পাওয়ার বিষয়টি বড় ধাক্কা হিসেবে এসেছে। কাজের ফুটেজকে অসাধু উপায়ে ব্যবহার করে সিনেমার রূপ দেওয়া হয়েছে, যা পেশাগতভাবে অনৈতিক।’
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মৌসুমী শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অন্যদিকে, নির্মাতা হাসান জাহাঙ্গীর পুরো বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তার দাবি, মৌসুমীকে যথাযথভাবে সিনেমার সম্মানি দিয়েই প্রজেক্টে যুক্ত করা হয়েছিল। তিনি এমনকি ইঙ্গিত দিয়েছেন যে, মৌসুমীকে দিয়ে জোর করিয়ে এই প্রতিবাদী ভিডিওটি বানানো হয়েছে।
তবে ওমর সানী ও মৌসুমী দম্পতি এই দাবি প্রত্যাখ্যান করেছেন। সানী জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা আইনি পদক্ষেপ নিচ্ছেন এবং এরই মধ্যে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন।










































