Home আঞ্চলিক ভাষা সৈনিক ও প্রখ্যাত সাংবাদিক আশরাফ উদ্দিন মকবুলের মৃত্যুবার্ষিকী ৪ মে

ভাষা সৈনিক ও প্রখ্যাত সাংবাদিক আশরাফ উদ্দিন মকবুলের মৃত্যুবার্ষিকী ৪ মে

6

স্টাফ রিপোর্টার।।

সাতক্ষীরার কৃতিসন্তান, ভাষা সৈনিক, তুখোড় ছাত্রনেতা ও দেশের খ্যাতনামা সাংবাদিক মরহুম আশরাফ উদ্দিন মকবুলের মৃত্যুবার্ষিকী আগামীকাল (৪ মে)। ২০১৬ সালের এই দিনে তিনি বার্ধক্যজনিত কারণে খুলনার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

গেল শতাব্দীর পঞ্চাশের দশকে তিনি ছিলেন একজন প্রভাবশালী ছাত্রনেতা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর বিপ্লবী সাধারণ সম্পাদক হিসেবে তিনি ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আইয়ুববিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পুরোধা হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন।

সাংবাদিকতায়ও আশরাফ উদ্দিন মকবুল রেখে গেছেন উজ্জ্বল স্বাক্ষর। ষাটের দশকে তিনি খুলনা প্রেস ক্লাবের সভাপতি এবং আশির দশকে অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর বিশেষ প্রতিনিধি ছিলেন।

আশির দশকে তিনি খুলনা থেকে ‘দৈনিক বঙ্গবানী’ ও ‘The Daily Mail’ নামে দুটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন, যা সে সময়ের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ সংযোজন ছিল।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সহকর্মী, শুভানুধ্যায়ী ও শিক্ষার্থীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছেন। অনেকেই তাকে একজন আদর্শ শিক্ষক ও সাংবাদিকতার পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেছেন।

তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবাই মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন, যেন তিনি জান্নাতুল ফেরদৌস নসিব করেন।