Home আঞ্চলিক খুলনায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন: কৌশিক আহবায়ক, উত্তম সদস্য সচিব

খুলনায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন: কৌশিক আহবায়ক, উত্তম সদস্য সচিব

32


স্টাফ রিপোর্টার।।


খুলনায় জলবায়ু, ন্যায়বিচার প্রতিষ্ঠা, টেকসই ও জনবান্ধব নীতি প্রণয়ন, স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’-এর সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক কালের কণ্ঠের খুলনার নিজস্ব প্রতিবেদক কৌশিক দে-কে আহ্বায়ক ও প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম মণ্ডলকে সদস্যসচিব করা হয়েছে।

রবিবার (৩ মে) দুপুরে বেসরকারি সংস্থা লিডার্স খুলনার আঞ্চলিক কার্যালয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. তুহিন রায়ের সভাপতিত্বে অর্ধবার্ষিক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় স্বাগত বক্তব্য দেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল।

কমিটির অন্য নির্বাহী সদস্যরা হলেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, ডিবিসি টেলিভিশনের বিভাগীয় প্রধান মো. আমিরুল ইসলাম, রঙমহল ইয়ুথের মৌসুমি রায়, খুলনা গেজেটের নিজস্ব প্রতিবেদক আয়শা আক্তার জ্যোতি ও রঙমহলের জারিন তাসনিম।

সভায় বক্তব্য দেন সাংবাদিক কৌশিক দে, আবু হেনা মোস্তফা জামাল পপলু, নারী নেতা সিলভি হারুন, খুলনা প্রেস ক্লাবের সহসভাপতি কাজী শামিম আহমেদ, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবির, উত্তম মণ্ডল, কয়রা ক্লাইমেট অ্যাকশন ফোরামের রাসেল রানা, দাকোপের রূপা সরকার, বটিয়াঘাটার আবদুল কুদ্দুস ফকির, হোসনেআরা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমবর্ধমান ঝুঁকির মুখে রয়েছে। এই প্রেক্ষাপটে জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামটি কমিউনিটির সমস্যা চিহ্নিত করা, স্থানীয় ও জাতীয় পর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয় সাধন, জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর অ্যাডভোকেসির মাধ্যমে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

খুলনা জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম ভবিষ্যতে বিভিন্ন প্রেস ব্রিফিং, অনুসন্ধানী প্রতিবেদন, গবেষণা, ক্যাম্পেইন, প্রশিক্ষণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের কণ্ঠস্বরকে আরো জোরালোভাবে তুলে ধরবে।
বক্তারা আরো বলেন, ক্লাইমেট অ্যাকশন ফোরাম একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা নীতিনির্ধারকদের সাথে সংযোগ স্থাপন, জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর অ্যাডভোকেসির মাধ্যমে টেকসই পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।