Home আঞ্চলিক শ্যামনগরে কৃত্রিম প্রজনন কর্মীকে জিম্মি করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

শ্যামনগরে কৃত্রিম প্রজনন কর্মীকে জিম্মি করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

6

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।


সাতক্ষীরার শ্যামনগরে অনিমেষ পরমান্য (৫০) নামের এক এআই (কৃত্রিম প্রজনন কর্মী) কর্মীকে জিম্মি করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুষ্কৃতিকারীরা। গতকাল শনিবার বেলা ১০টার দিকে রোগী দেখার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন। পরবর্তীতে সন্ধ্যায় ৭টায় তার স্ত্রীর মোবাইলে কল দিয়ে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় অনিমেষ পরমান্যের ভাই প্রিয়নাথ পরমান্য শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অনিমেষ উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত নিতাই পরমান্যের ছেলে।

প্রিয়নাথ পরমান্যের ভাষ্য, গতকাল শনিবার সকাল ১০টার দিকে তার দাদা রোগী দেখতে বাড়ি থেকে বের হয়েছিল। দীর্ঘক্ষণ পরিবারের সঙ্গে যোগাযোগ না করায় তারা অনিশেশের মোবাইলে কল দিয়ে তা বন্ধ পান। একপর্যায়ে স্বজনরা উদ্‌বিগ্ন হয়ে খোঁজ-খবর নিতে শুরু করেন। সন্ধ্যা ৭টার দিকে অনিমেষের ফোন দিয়ে অপরিচিত এক ব্যক্তি তাকে জিম্মি করার বিষয়টি নিশ্চিত করে। এসময় তারা মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করে বিষয়টি গোপন রাখার ব্যাপারে তাদের সতর্ক করেন। রাত ১০টার দিকে শ্যামনগর থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশ রাতেই উপজেলার সুন্দরবন বাজার এলাকায় অভিযান চালিয়েও অনিমেষকে উদ্ধার করতে পারেনি।

এদিকে অনিমেষের ভাইপো সুব্রত পরমান্য জানান, আজ রোববার তার কাকা অনিমেষ ও প্রতিবেশী ফজলুল হকের ছেলে খলিলের যৌথভাবে একটি জমি ক্রয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল আজ রোববার। ২২ লাখ টাকা মূল্যমানের দলিলের খসড়া চূড়ান্ত করার জন্য গতকাল শনিবার খলিলের নিযুক্ত প্রতিনিধি আমানত গাজীর সঙ্গে তার (অনিমেষের) শ্যামনগর সদরে যাওয়ার কথা ছিল। জমি ক্রয়ের জন্য গচ্ছিত টাকা হাতিয়ে নেওয়ার জন্য তার কাকাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস জানান, অনিমেষ পরমান্য কৈখালী ইউনিয়নের কৃত্রিম প্রজনন কর্মী হিসেবে দায়িত্বরত। তার নিখোঁজ হওয়াসহ পরবর্তী নানা ঘটনায় সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার রাতেই থানায় গিয়ে পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।

এদিকে খলিল হোসেনের ভাষ্য, তারা তিনজন মিলে সাড়ে ২২ লাখ টাকায় একটি জমি কিনতে চেয়েছিলেন। স্থানীয় দালাল আমানত গাজীকে সঙ্গে নিয়ে অনিমেষের শনিবার দুপুরের আগে শ্যামনগর যাওয়ার কথা ছিল। কিন্তু ডাকাতরা তাকে অপহরণ করার কারনে আজ রোববার জমি রেজিস্ট্রি হচ্ছে না। তবে অনিমেষ অপহরণের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততার কথা তিনি অস্বীকার করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান জানান, অনিমেষের পরিবারের কাছে আসা ফোনকলের লোকেশনসহ নির্ধারণের পর আশপাশের এলাকায় শনিবার দিবাগত রাত তিনটা পর্যন্ত অভিযান চালানো হয়েছে। সেখানে একটি পরিত্যক্ত বাড়ির সন্ধান মিলেছে। তিনি আরও জানান, পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে। সবগুলো সম্ভাবনাকে মাথায় রেখে অনিমেষের নিখোঁজ ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।