স্পোর্টস ডেস্ক।।
বর্তমানে সবচেয়ে আলোচিত প্রশ্ন- বিশ্বকাপে নেইমার থাকবেন কি না। সময়ই বলে দেবে এই প্রশ্নের উত্তর। তবে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে বেশ মরিয়া নেইমার। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে খেলতে সামর্থ্যের পুরোটা দিয়ে প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন তিনি। এবার সেই লক্ষ্যেই বড় এক সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের হয়ে চার বিশ্বকাপ খেলা এই ফুটবলার।
সান্তোসের হয়ে পালমেইরাসের বিরুদ্ধে ব্রাজিলিয়ান সিরি আর বড় ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। জিওগ্লোবোর এক প্রতিবেদন বলা হয়েছে, ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে ছাড়াই মাঠে নামতে হবে সান্তোসকে।
জানা গেছে, নেইমার তীব্র শারীরিক ক্লান্তিতে ভুগছেন। এর পাশাপাশি পালমেইরাসের আলিয়ানজ পার্কের কৃত্রিম মাঠ নিয়েও বড় শঙ্কা আছে। এই ধরনের মাঠে চোটের ঝুঁকি অনেক বেশি। চোট এড়াতেই তাই এই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এই পর্যায়ে চোট পেলে বিশ্বকাপের স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে যেতে পারে নেইমারের। সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি এখনো বিশ্বকাপ দলে নেইমারকে রাখবেন কিনা সেই সিদ্ধান্ত চূড়ান্ত করেননি। তবে ৩৪ বছর বয়সী এই তারকা বিশ্বকাপে যাওয়ার জন্য সব ধরনের সতর্কতা মেনে চলছেন।
নেইমার ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সেলেসাওদের হয়ে ৭৯টি গোল করেছেন তিনি। যদিও ব্রাজিলের হয়ে এক কনফেডারেশন্স কাপ আর একটি অলিম্পিক বাদে আর কিছুই জিততে পারেননি। এবার সেই আক্ষেপ ঘোচাতে মরিয়া এই তারকা ফুটবলার।









































