স্পোর্টস ডেস্ক।।
পিএসজি-বায়ার্ন মিউনিখ লড়াই ছিল ৯ গোলের উৎসবের ম্যাচ। সেই অনন্য ম্যাচের পরের রাতেই চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমির প্রথম লেগে আলোচনায় উঠে এসেছেন অফিসিয়ালরা। অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করে আর্সেনাল। দুটি গোলই আসে পেনাল্টি থেকে। সফরকারী আর্সেনালের আরেকটি পেনাল্টি বাতিল করা হয়েছে। সেটা নিয়েই যত গন্ডগোল। আগামী বুধবার (৬ মে) লন্ডনে ফিরতি লেগে নির্ধারিত হবে কারা ফাইনালে যাচ্ছে।
মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটানোতে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন ভিক্টর ইয়োকেরেশ। বিরতি থেকে ফেরার ১০ মিনিটের মাথায় পেনাল্টি থেকেই সমতা ফেরান অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। বিতর্কটা মূলত তৃতীয় পেনাল্টি নিয়ে, যেটা ৭৮ মিনিটে পেয়েছিল আর্সেনাল।
কিন্তু ভিএআর তা বাতিল করে দেয়। অ্যাথলেটিকো ডিফেন্ডার ডেভিড হানকো বক্সের ভেতর আর্সেনালের এবেরেচি এজেকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজার রেফারি ড্যানি মাক্কেলি। ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) এর পরই রেফারি মাক্কেলিকে সাইডলাইনের পাশে থাকা মনিটরে ঘটনাটির রিপ্লে দেখার পরামর্শ দেন। রিভিউ দেখে পেনাল্টিটি বাতিল করেন রেফারি। তাতেই ভীষণ ক্ষেপেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
ম্যাচ শেষে আর্তেতা বিষয়টি নিয়ে বলেন, ‘এখানে (রেফারির সিদ্ধান্তে) স্পষ্ট কোনো ভুল ছিল না। অথচ এই একটি সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই পর্যায়ের ফুটবলে এমনটা হওয়া কাম্য নয়।’ বিষয়টি নিয়ে রেফারি কোনো ব্যাখ্যা দেননি বলেও জানান আর্তেতা, ‘না, কোনো ব্যাখ্যা নেই। একজন রেফারিকে যদি ১৩ বার রিপ্লে দেখতে হয়, এর চেয়ে বেশি স্পষ্ট আর কী হতে পারে? আমরা সবাই এ সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ।’
এদিকে সিমিওনি ভিএআর যারা আবিষ্কার করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন। ম্যাচ শেষে সিমিওনি বলেন, ‘প্রথম পেনাল্টি নিয়ে আমার সবিনয় মতামত, পেছন থেকে হয়তো সামান্য একটু লেগেছিল, তবে আর্সেনালের খেলোয়াড় নিজেই পড়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে এমন সামান্য একটু স্পর্শের জন্য পেনাল্টি দেওয়া উচিত নয়। আর তাদের দ্বিতীয় পেনাল্টিটি বাতিল করায় ভিএআরকে ধন্যবাদ।’ তবে তাদের পেনাল্টিটি সঠিক ছিল বলে জানান সিমিওনি।









































