ঢাকা অফিস।।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠের মাধ্যমে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
এ অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল ২৫টি। অধ্যাদেশ ছিল ১৩৩টি। অধ্যাদেশগুলোর বিপরীতে বিল পাশ হয়েছে ৯১টি। গতকাল দুটি বিলসহ মোট ৯৪টি বিল পাশ হয়েছে। আইন প্রণয়ন কার্যাবলী ছাড়াও এ অধিবেশনে ৫টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে এবং ২টি বিশেষ কমিটি গঠিত হয়েছে।
সংসদে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ‘এ রকম প্রাণবন্ত সংসদ আমরা গত ১৭ বছর দেখি নাই।’
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফেসবুক পোস্টে তিনি এ কথা লেখেন। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-
‘বাংলাদেশের এ সংসদে স্পিকারের ভূমিকা চমৎকার। পার্লামেন্ট মেম্বাররা দুই দিকেই খুবই সভ্য আচরণ করছেন। আজকে নাহিদের বক্তৃতা শুনে মন ভালো হয়ে গেছে। আমাদের এই তরুণ ছেলেরা সংসদে চমৎকার বলছে। গতকাল তারেক রহমান সাহেব বিরোধী দলের একজন নেতা অসুস্থ হলে দেখার জন্য ছুটে গেছেন। এ রকম প্রাণবন্ত সংসদ আমরা গত ১৭ বছর দেখি নাই। জুলাই গণঅভ্যুত্থানের এটি সবচেয়ে বড় পাওয়া যে সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। সব সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ যে তারা সিভিলাইজড আচরণ করছেন। এ রকম সভ্য আচরণই আমরা আপনাদের কাছে দেখতে চাই। মানুষ শুধুমাত্র সিভিলাইজড আচরণ করলেই অনেক কিছু অর্জন করা যায়। বিরোধী দলগুলোকেও বিশেষ ধন্যবাদ যে তারা সংসদে পার্টিসিপেট করছেন। এ ব্যাপারটা ট্রিভিয়াল না। আপনাদেরকে অভিবাদন।’









































