ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (১ মে) দুপুরে সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মণদিয়া গ্রামের আমিন বিশ্বাসের ছেলে রিয়াজ বিশ্বাস (২৭), বারইপাড়া গ্রামের ডাবলু মোল্লার ছেলে রুবেল হোসেন মোল্যা (৩২), দুধসর গ্রামের মৃত আল্লেক জোয়ার্দ্দারের ছেলে আশিক জোয়ার্দ্দার (২৪), কুলচারা গ্রামের বাবু মণ্ডলের মেয়ে তাসলিমা খাতুন (২১) এবং সোন্দাহ গ্রামের জামিরুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস (২০)।
ঝিনাইদহ ডিবি পুলিশের প্রধান ছাব্বিরুল আলম জানান, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে চণ্ডিপুর গ্রামের গোলাপ মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান,গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক ও ওয়াকিটকি ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করত। একই সঙ্গে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
ডিবি জানান, তাদের কাছ থেকে ‘POLICE’ লেখা জ্যাকেট, এসআই র্যাংক ব্যাজ, পুলিশ মনোগ্রামযুক্ত পোশাক, ক্যাপ, বেল্ট, ২টি ওয়াকিটকি সেট ও চার্জারসহ বিভিন্ন সরঞ্জাম ও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে শৈলকুপা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।









































