Home আঞ্চলিক খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের লাঞ্ছনা, সড়ক অবরোধ করে বিক্ষোভ

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের লাঞ্ছনা, সড়ক অবরোধ করে বিক্ষোভ

8

স্টাফ রিপোর্টার।।

খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের লাঞ্ছিত করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সাংবাদিকেরা বিক্ষোভ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ’আগামী ৩০ এপ্রিলের নির্বাচন ঘিরে খুলনা প্রেসক্লাবে প্রচারণা চলছিলো। সন্ধ্যায় একদল দুর্বৃত্ত হঠাৎ প্রেসক্লাবে ঢুকে পড়ে। তারা সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে কয়েকজন দুর্বৃত্ত সভাপতি প্রার্থী ও খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালাগাল করতে থাকে। এ সময় সাধারণ সম্পাদক প্রার্থী ও এখন টেলিভিশনের খুলনার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ তরিকুল ইসলামসহ কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়।’

ঘটনার পরপরই প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকেরা বিক্ষোভ শুরু করেন। তাঁরা প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। তিনি বলেন, ’সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।’

এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম (মনা)। তিনি বলেন, ’সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।’

সমাবেশ সঞ্চালনা করেন সমকালের স্টাফ রিপোর্টার হাসান হিমালয়। রাত নয়টা পর্যন্ত প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে রাখেন সাংবাদিকেরা।