স্পোর্টস ডেস্ক।।
আগামী ১৯ জুলাই নিউজার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে বসবে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের মহারণ। সেই ম্যাচ সামনে রেখে ফিফার অফিশিয়াল রিসেল সাইটে চারটি টিকিট বিক্রির জন্য রাখা হয়েছে। যার প্রতিটির মূল্য প্রায় ২৩ লাখ ডলার।
বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি ২১ লাখ টাকা মূল্যের এই টিকিটগুলোর আসন ৪৫ নম্বর সারির ১২৪ নম্বর ব্লকে ৩৩-৩৬ পর্যন্ত। যা কিনা সেখানকার গ্যালারির নিচতলার গোলপোস্টের ঠিক পেছনে অবস্থিত।
সাধারণত মূল টিকিটের দাম ফিফার নিয়ন্ত্রণে থাকলেও রিসেল বা এক্সচেঞ্জ মার্কেটপ্লেসে দামের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না নিয়ন্ত্রক সংস্থাটির। বিক্রেতারা নিজেদের ইচ্ছামতো দাম নির্ধারণ করতে পারেন। তবে এই বিপুল দামে টিকিট বিক্রি হলে বড় লাভ হবে ফিফারই।
কারণ নিয়ম অনুযায়ী, প্রতিটি টিকিট বিক্রির ওপর ক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ এবং বিক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ মোট ৩০ শতাংশ ফি পাবে ফিফা। এই হিসেবে শুধু কমিশন বাবদই ফিফার পকেটে যাবে প্রায় ২৬ লাখ ৯৯ হাজার ডলার বা ৩৩ কোটি টাকার বেশি।
যারা ভাবছেন অফিশিয়াল প্রাইসে টিকিট কিনবেন, তাদের জন্যও দুঃসংবাদ। কাতার বিশ্বকাপের তুলনায় ২০২৬ বিশ্বকাপে টিকিটের দাম অন্তত ৪ গুণ বেশি হতে যাচ্ছে। ফাইনাল ম্যাচের জন্য ফিফার নির্ধারিত সর্বনিম্ন টিকিটের দাম ধরা হয়েছে ১০ হাজার ৯২৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা।
এছাড়া আগামী ১৪ জুলাই টেক্সাসের আর্লিংটনে সেমিফাইনালের টিকিট ১১ হাজার ১৩০ ডলারে এবং ১৫ জুলাই আটলান্টার সেমিফাইনাল ম্যাচের টিকিট ৯ হাজার ৬৬০ ও ৪ হাজার ৩৬০ ডলারে বিক্রি করছে ফিফা।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপ ফুটবল।











































