গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জের কাশিয়ানীতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ প্রায় ১৩ লাখ টাকা ও নয় ভরি স্বর্ণালংকার লুট করেছে ডাকাতরা।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, শনিবার (২৫ এপ্রিল) ভোর রাত সাড়ে ৩টার দিকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের মো. রফিক হোসেন ভেন্ডারের বাড়িতে অজ্ঞাতনামা আনুমানিক ছয়-সাতজনের একটি ডাকাত দল হানা দেয়।
তারা ব্যালকনির গ্রিল কেটে ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতদের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল।
তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪৫ বছর এবং তারা গোপালগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলছিল বলে বাড়ির লোকজন জানিয়েছে। ঘটনাস্থল ত্যাগের সময় ডাকাতরা বাড়ির লোকজনকে জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা কোনো মালামাল উদ্ধার হয়নি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ’তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রথমে গ্রিল কেটে ডাকাতরা ঘরে প্রবেশ করে। পরে বাড়ির লোকজন জেগে উঠলে তারা ডাকাতে রূপ নেয়। এসময় নগদ টাকা ও স্বর্ণালংকার ছাড়াও কিছু জমির দলিল নিয়ে যায় ।’
পুলিশ বেশ কিছু আলামত পেয়েছে এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি জানান।











































