Home আঞ্চলিক খুলনায় ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

খুলনায় ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

0

স্টাফ রিপোর্টার।।

খুলনার তেরখাদায় ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। নিহতের নাম নুর আলম (৫৬)। তিনি তেরখাদা উপজেলার বাসিন্দা ইকরাম শেখের ছেলে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের মধুপুর উত্তরপাড়া বিলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তেরখাদা থানার ওসি মো. শহিদুল্লাহ।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার (২৫ এপ্রিল) সকাল সাতটায় ধান কাটতে বিলে যাচ্ছিলেন মধুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুলের লোকজন। মাঠে পৌঁছানোর আগেই তেরখাদা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শহিদুল ইসলামের লোকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা রূপ নেয় সংঘর্ষে। মধুপুরের বিলে দুজনের ধানক্ষেত রয়েছে।

এ ব্যাপারে জানতে তেরখাদা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও মধুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুলের মুঠোফোনে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

তেরখাদা উপজেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ফখরুল ইসলাম বুলু বলেন, ’মধুপুর উত্তরপাড়া বিলে ধান কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এটি রাজনৈতিক সহিংসতা নয় দাবি করে তিনি বলেন, তবে এ ব্যাপারে খোঁজ নিয়ে তদন্তসাপেক্ষে দল ব্যবস্থা নেবে।’

ওসি বলেন, ’ আজ (শনিবার) সকালে ধান কাটাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুলের অনুসারী এবং মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সাইফুল মোড়লের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে সাইফুলের অনুসারী নূর আলম শেখ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।’

তিনি বলেন, ’শহিদুল ও সাইফুলের মধ্যকার বিরোধ দীর্ঘদিনের। পূর্বের বিরোধের জেরেই সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। তারা উভয়ই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।’

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ’পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’