Home স্বাস্থ্য স্বাস্থ্যকর তিন পদ

স্বাস্থ্যকর তিন পদ

2


মিলি রহমান।।

গরমের সময় খাবার খেতে হয় একটু বুঝে-শুনে। তা না হলে শরীর খারাপ হয়। এ সময়ে তেতো শরীরের জন্য ভালো।

শজিনা ডাঁটা দিয়ে ঘন ডাল

উপকরণ : মসুর ডাল এক কাপ, মিষ্টি আলু দুইটা, কাঁচা আম একটা, শজিনা ডাঁটা সাত-আটটা, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ফালি ৫-৬টা, লবণ স্বাদমতো, আদা ও রসুনবাটা হাফ চা চামচ, হলুদগুঁড়া হাফ চা চামচ, সরিষার তেল চার টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ।

প্রণালি : আম, শজিনা ডাঁটা, মিষ্টি আলু কেটে ধুয়ে রাখুন। যে কড়াইতে ডাল রান্না হবে সেই হাঁড়িতে ডালসহ সব উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিন। এবার ঘন ডাল রান্না হওয়ার জন্য পানি দিয়ে কাঁচা মরিচ ফালি, কাঁচা আম, ধনেপাতাকুচি দিয়ে রান্না করে নামিয়ে নিন। রেডি হয়ে গেল শজিনা ডাঁটা দিয়ে ঘন ডাল।

শুঁটকি দিয়ে তিতা পাটশাক

উপকরণ : তিতা পাটশাক ৩ আঁটি, লইট্টা শুঁটকি ১০০ গ্রাম, পেঁয়াজকুচি হাফ কাপ, রসুনকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৫-৬টা, তেজপাতা ২টা, লবণ স্বাদমতো, সয়াবিন তেল হাফকাপ, আদা-রসুনবাটা হাফ চা চামচ, হলুদগুঁড়া হাফ চা চামচ।

প্রণালি : শুঁটকি শুকনা তাওয়ায় ভেজে ভালো করে ধুয়ে রাখুন। পাটশাক ধুয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে তেজপাতা, পেঁয়াজকুচি, রসুনকুচি, শুঁটকি লবণ দিয়ে তিন-চার মিনিট ভেজে নিন বা রান্না করুন, পরে হলুদ ও আদা-রসুনবাটা দিয়ে নাড়ুন। এরপর পাটশাক, কাঁচা মরিচ দিয়ে নেড়েচেড়ে রান্না করুন। সিদ্ধ হলে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল শুঁটকি দিয়ে তিতা পাটশাক।

মাছের টক ঝাল মিষ্টি ঝোল

উপকরণ : মেনি মাছ ৬ পিস, বেগুন ২০০ গ্রাম, মিষ্টি আলু ১০০ গ্রাম, কাঁচা আম একটা, আদা ও রসুনবাটা এক চা চামচ, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনিয়াগুঁড়া এক চা চামচ করে, জিরাগুঁড়া হাফ চা চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি চার-পাঁচটা।

প্রণালি : মাছ ধুয়ে লবণ, হলুদ, লেবুর রস মাখিয়ে ফ্রাইপ্যানে হালকা লালচে করে ভেজে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে মিষ্টি আলু বেগুন দিয়ে কষিয়ে নিন। পরে ঝোলের পানি পরিমাণমতো দিন। ফুটে উঠলে ভাজা মাছ, কাঁচা আমের ফালি, কাঁচামরিচ, জিরাগুঁড়া, ধনেপাতাকুচি দিয়ে ঢাকনাসহ রান্না করুন তিন-চার মিনিট। সবশেষে লবণ দেখে নামিয়ে নিন। রেডি হয়ে গেল ঝাল মিষ্টি টক দিয়ে মেনি মাছের রসা।