ঢাকা অফিস।।
সংসদ সদস্যরা কোনও ধরনের ট্যাক্স ফ্রি (শুল্কমুক্ত) গাড়ি বা প্লট নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, ‘ব্যক্তিগত মালিকানাধীন শুল্কমুক্ত গাড়ির পরিবর্তে তারা সরকারি কর্মকর্তাদের মতো সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের সুযোগ চেয়েছেন।’
বুধবার (২২ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের ১৯তম দিনের অধিবেশনে তিনি এই বিষয়ে তাঁর আগের বক্তব্যের ব্যাখ্যা প্রদান ও মিডিয়ার বিভ্রান্তি নিরসন করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ’ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নিব না। প্লট সুবিধা, যেটি আমরা নিব না।’
জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা যেভাবে সরকারি কার্য পরিচালনা করার জন্য সরকারি একটি গাড়ি পেয়ে থাকেন, ঠিক একই প্রক্রিয়ায় সংসদ সদস্যদের সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া যায় কিনা সেটি আমি সংসদে জানিয়েছিলাম।
তিনি আরও বলেন, ’সরকারি মালিকানাধীন এই গাড়িটি একজন সংসদ সদস্য যতদিন পদে থাকবেন, ততদিন ব্যবহার করবেন। পদ ছেড়ে দিলে গাড়ি বুঝিয়ে দেবেন। সংসদ সদস্যদের ইতোমধ্যে গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য ৭০ হাজার টাকা দেওয়া হয়, কিন্তু আমাদের সরকারি গাড়ি নেই।
পূর্ববর্তী দিনের বক্তব্যের ভুল ব্যাখ্যা নিয়ে তিনি বলেন, ’গতকালের বক্তব্যে আমি কোনও ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি। এই সংসদের পুরো হাউজ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা ট্যাক্স ফ্রি প্লট বা গাড়ি নেবে না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেকটি এমপি এক্ষেত্রে অনন্য নজির স্থাপন করেছেন। কিন্তু বিষয়টি মিডিয়াতে বিভ্রান্তি সৃষ্টি করেছে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ’সকল সংসদ সদস্যদের পক্ষ থেকে আমি আবারো বলছি, আমরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লটের সুবিধা নেবো না। জনগণের প্রতিনিধি হিসেবে আমরা কেবল সরকারি কাজের জন্য সরকারি ব্যবস্থাপনায় গাড়ির সুবিধা চেয়েছি। ’











































