স্পোর্টস ডেস্ক।।
শেষ বাঁশির তখন কুড়ি সেকেন্ডের মতো বাকি। এমন সময় কর্নার পেল লিভারপুল। সেই কর্নারে ভার্জিন ফন ডাইকের হেড স্বাগতিকদের হতবাক করে দিয়ে জালে চলে যায়। হিল ডিকিনসন স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলতে নেমে এভারটনকে ২-১ গোলে হারিয়ে দেয় লিভারপুল।
মার্সেসাইড ডার্বি জিতে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে অলরেডরা।
তবে ইউরোপের ক্লাবগুলোর সেরা মঞ্চে খেলতে হলে লিভারপুলকে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে। কারণ চ্যাম্পিয়ন্স লিগে খেলার দৌড়ে তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী অ্যাস্টন ভিলা গতকাল একই সময়ে ৪-৩ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে।
আরেক প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড শনিবার রাতে ১-০ গোলে হারিয়েছে চেলসিকে। ম্যানইউ ও অ্যাস্টন ভিলা উভয় দলই ৩৩ ম্যাচে সমান ৫৮ পয়েন্ট সংগ্রহ করেছে। গোল পার্থক্যে ম্যানইউ পয়েন্ট টেবিলে তিনে ও ভিলা চার নম্বরে। ৩৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে লিভারপুল।









































