Home আঞ্চলিক গুলি ও বোমা হামলায় বিএনপি নেতা গুরুতর আহত

গুলি ও বোমা হামলায় বিএনপি নেতা গুরুতর আহত

1

মেহেরপুর প্রতিনিধি।।

মেহেরপুরের সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক মুকুল হোসেনের উপর বোমা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) ভোরে সাহারবাটি-ভাটপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

হামলায় মুকুল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মুকুল হোসেন (৫৫) গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের নেক মহাম্মেদের ছেলে। এ হামলায় কারা জড়িত তা এখনও নিশ্চিত করতে পারেনি মুকুলের পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ’আজ (২০ এপ্রিল) ভোরে মুকুল হোসেন সাহারবাটি গ্রামের তার নিজ বাড়ি থেকে ভাটপাড়া গ্রামের সড়ক দিয়ে শরীরচর্চার জন্য হাঁটতে বের হন। ভাটপাড়া গ্রামে মোড়ে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। এতে বুক, পিঠ ও হাতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুকুল হোসেন। এসময় কয়েকটি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

এদিকে গুলি ও বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে মুকুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তিনি গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, ’ঘটনাস্থল থেকে গুলির খোসার আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’