বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকায় বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়া একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার খুড়িয়াখালী গ্রামের বাসিন্দা জামাল মীরের পুকুরপাড় থেকে হরিণটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগ, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হরিণটিকে নিরাপদে বনে অবমুক্ত করা হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বাঘের তাড়া খেয়ে হরিণটি সুন্দরবন থেকে নদী পার হয়ে লোকালয়ে ঢুকে পড়ে। দ্রুত খবর পেয়ে বন বিভাগ ও সহযোগী টিম ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করে।’
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড অফিসার মো. আলম হাওলাদার বলেন, ’উদ্ধার হরিণটির ওজন আনুমানিক ২৫ কেজি। প্রাথমিকভাবে হরিণটিকে সুস্থ অবস্থায় পাওয়া গেছে। উদ্ধার শেষে হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।’
পরে দুপুর সাড়ে ১২টার দিকে হরিণটিকে সুন্দরবনের অভ্যন্তরে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়। এ সময় পূর্ব সুন্দরবন বিভাগের এসিএফ মো. শরিফুল ইসলাম, স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান, ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পূর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ’লোকালয়ে ঢুকে পড়া বন্যপ্রাণী উদ্ধার করে দ্রুত বনে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যাতে প্রাণী ও মানুষের নিরাপত্তা নিশ্চিত থাকে।’









































