স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীর সোনাডাঙ্গায় মো. ইমরুল (২৬) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা| সোনাডাঙ্গা মডেল থানার গোবরচাকা ভাজা আলাগলিতে আজ শনিবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে| চার-পাঁচটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত এসে ইমরুলকে গুলি করে পালিয়ে যায়| তাঁর অবস্থা সংকটাপন্ন|
স্থানীয় বাসিন্দারা ইমরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়| তিনি গোবরচাকা এলাকার কামাল শেখে ছেলে|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১টা ৫০ মিনিটের দিকে গোবরচাকা ভাজা আলাগলিতে চার-পাঁচটি মোটরসাইকেলে অন্তত ৯ জন যুবক এসে ইমরুলকে গুলি করেন| গুলিটি তাঁর নাভির নিচে বিদ্ধ হয়|
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়|
জানতে চাইলে সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ বলেন, ‘গুলিতে আহত যুবকের অবস্থা সংকটাপন্ন| তিনি কোনো কথা বলতে পারছেন না| কারা তাঁর ওপর এই হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি| তবে যারা এই হামলা চালিয়েছে, তাদের শনাক্ত এবং আটকের চেষ্টা চলছে|’










































