কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ায় শ্রমিক সংগঠনের ডাকা কর্মসূচিতে আজ সকাল থেকে জেলার প্রায় সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে আন্তজেলাসহ অধিকাংশ গন্তব্যে যাতায়াত বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক আছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিভিন্ন বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস বন্ধ থাকায় যাত্রীরা বিকল্প যানবাহনের খোঁজ করছেন।
কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ’এক সপ্তাহ আগে বাস-মিনিবাস শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা দুটি দাবি উত্থাপন করেন। তাঁদের একটি দাবি, পরিবহন খাতে মালিকেরা যে সুযোগ-সুবিধা ভোগ করেন, শ্রমিকদেরও তা দিতে হবে। অন্যটি শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া-খুলনা রুটে চলাচলের অনুমোদন দিতে হবে।’
রফিকুল ইসলাম বলেন, ’এসব দাবি পূরণ না হওয়ায় শ্রমিকেরা আজ সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন। তবে ঢাকাগামী বাস চলাচল অব্যাহত আছে।’











































